২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার মুখোমুখি হচ্ছেন শিক্ষা অধিদপ্তরের ডিজি

দিনাজপুরের এক স্কুল শিক্ষককে বেতন না দেয়ায় আদালত অবমাননার দায়ের সম্মুখীন হতে যাচ্ছেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ওই স্কুল শিক্ষককে বেতন দেয়ার ব্যাপারে এর আগে হাইকোর্টের দেয়া আদেশ অমান্য করার দায়ে কেন তাকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করা হবে না তার কারণ দর্শানোর জন্য আগামী ১ আগষ্ট তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দিনাজপুরের বোয়ালদার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসিরুদ্দিনের দায়ের করা আদালত অবমাননা সংক্রান্ত পিটিশনের শুনানি শেষে বিচারপতি এম এ মতিন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

২০০৪ সালের ফেব্রুয়ারিতে একটি চিঠির মাধ্যমে প্রধান শিক্ষক মোহাম্মদ অসিরুদ্দিনের বেতন ও অন্যান্য ভাতা বন্ধ করে দেয়া হয়।

সরকারের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মোহাম্মদ অসিরুদ্দিন হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট ২০০৫ সালের ১৭ এপ্রিল সরকারকে অসিরুদ্দিনের বেতন দেয়ার নির্দেশ দেন।

অধ্যাপক দিলারা হাফিজ গত ৫ মে হাইকোর্টের আদেশ হাতে পান। পরে ১৬ জুন আবেদনকারীর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি জানিয়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি নোটিশ পাঠান। নোটিশের মাধ্যমে অ্যাডভোকেট নুরুল ইসলাম আবেদনকারী মোহাম্মদ অসিরুদ্দিনের বেতন প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মহাপরিচালককে অনুরোধ জানান।

কিন্তু মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজ হাইকোর্টের আদেশ বাস্তবায়নের জন্য কোনও পদক্ষেপই নেননি।

আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট আফিফা বেগম।