বন্যা কবলিত নীলফামারীতে ডায়রিয়ার ব্যাপক বিস্তার : আক্রান্ত সাড়ে ৭ হাজার, মৃত্যু ৩
বন্যা কবলিত নীলফামারী জেলায় ডায়রিয়া রোগের ব্যাপক বিস্তার শুরু হয়েছে। জেলার সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া রোগির সংখ্যা।
এ রোগে আক্রান্ত হয়ে সোমবার আরও দু’জনের মৃত্যু হওয়ায় গত চার দিনে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে তিন-এ। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ ৭০টি মেডিকেল টিম গঠন করলেও পরিস্থিতি ক্রমেই মারাত্বক আকার ধারণ করছে। প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম খুলে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।
সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. খোরশেদ আলম জানিয়েছেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে পানির স্তর বেড়ে গেছে এবং এ জেলার বেশির ভাগ মানুষ খোলা স্থানে মলত্যাগে অভ্যস্ত হওয়ায় ডায়রিয়ার জীবানু খুব সহজে ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ি, এরই মধ্যে দু’হাজার ৪৫৯ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে। আক্রান্ত হলেও সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে না আসা রোগির সংখ্যা আরো প্রায় পাঁচ হাজার বলে জানা গেছে।
সদর উপজেলার পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক জানিয়েছেন, শনিবার তরণীবাড়ি সরকারপাড়া গ্রামে প্রথমে একটি বাড়িতে ডায়রিয়া শুরু হয়। দু’দিনের মাথায় গোটা গ্রামের মানুষ এ রোগে আক্রান্ত হয়ে পড়েছে। শুক্রবার ডায়রিয়া আক্রান্ত হলে ওই গ্রামের ইসমাইল হোসেনের দু’বছরের শিশু পুত্র রাসেলকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রোববার সে মারা যায়। এই গ্রামের জালাল উদ্দিনের পুত্র রহমান (১২) একই দিন হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। এর দু’দিন আগে মারা যায় সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের সঠিপাড়ার ইব্রাহীম আলী নামে এক বৃদ্ধ।
বন্যা কবলিত নীলফামারী জেলায় ডায়রিয়ার ব্যাপক বিস্তারের কারণে সরকারি হাসপাতালগুলোতে এখন ডায়রিয়া রোগীর ছড়াছড়ি। সদর আধুনিক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে স্থান না পেয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে আক্রান্ত রোগীরা।
