পানিবন্দি ডিএনডিবাসীর দুর্ভোগ চরমে, সমস্যা নিরসনে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না
ডিএনডি‘র পানিবন্দি ১০ লাখ মানুষের দুঃখ-দুর্দশা দেখার কেউ নেই। একটু বৃষ্টি হলেই বাড়ছে পানি, বাড়ছে মানুষের দুর্ভোগ। জলাবদ্ধতা নিরসনে প্রসাশনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত নেয়া হয়নি।
শুক্রবারের বৃষ্টিতে ডিএনডি‘র ভিতরে ১ ফুট পানি বেড়েছে। কোন কোন এলাকার বাড়ি-ঘরে ৩-৪ ফুট পানি বেড়ে যাওয়ায় বাসিন্দাদের দুর্ভোগের মাত্রা বেড়েছে। কেউ কেউ বাঁধের ভিতর ও বহুতল ভবনে আশ্রয় নিয়েছে।
এদিকে ডিএনডি‘র ভিতরে গড়ে ওঠা ডাইং ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প-প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্যে পানি দূষিত হয়ে পড়েছে। পানি থেকে বের হচ্ছে দুর্গন্ধ। এ অবস্থায় এলাকার বাসিন্দাদের থাকা দায় হয়ে পড়েছে। ডিএনডি‘র ভিতরে পানীয় জলের তীব্র সংকট রয়েছে।
ডিএনডি‘র ভিতরের জলাবদ্ধতা নিরসনে আটটি পাম্প স্থাপনের কথা থাকলেও শনিবার পর্যন্ত একটিও পাম্প বসানো হয়নি। তবে দু‘টি মাত্র পাম্প এন রাখা হয়েছে শিমরাইলের পাম্প হাউজে। সেগুলো কবে নাগাদ স্থাপন করা হবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, জলাবদ্ধতার অজুহাতে ডিএনডি‘র ভিতরের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে।
ডিএনডি’র ১০ লাখ পানিবন্দি মানুষ কবে নাগাদ এ সমস্যার স্থায়ী সমাধান পাবে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউই। অধিকাংশ রাস্তাঘাট বন্ধ থাকায় পানিবন্দি মানুষের চলাচলের একমাত্র বাহনই হচ্ছে নৌকা ও কলাগাছের তৈরি ভেলা।
ডিএনডি‘র ভিতরের অধিকাংশ স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশুনা ব্যহত হচ্ছে ।
দুর্গন্ধ ও পচা পানির কারণে ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি, বিশুদ্ধ খাবার পানির অভাবসহ বিভিন্ন সমস্যা নিয়ে ডিএনডিবাসী অবর্ণনীয় দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।
ডিএনডিবাসীর অভিযোগ, গত বছরের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সময় বিএনপি‘র যুগ্ম মহাসচিব ডিএনডি এলাকা পরিদর্শন করে স্থায়ী সমাধানের আশ্বাস দেন। একই আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন। কিন্তু কোনও আশ্বাসই আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
