২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে নিহত বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নিহত বাংলাদেশী যুবক লুৎফর রহমানের লাশ দুদিন পর রোববার দুপুরে বিডিআর’র কাছে হস্তান্তর করেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 04:37 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

বিডিআর কর্তৃপক্ষ আটোয়ারী থানা পুলিশের মাধ্যমে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। এসময় স্থানীয় বিডিআর, পুলিশের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়ার কথা বলে ভারতের ফতেপুর বিএসএফ কর্তৃপক্ষ শনিবার সকাল থেকে সারাদিন বিডিআর ও পুলিশ কর্তৃপক্ষকে সীমান্তে অপেক্ষা করান। কিন্তু শনিবার শেষ পর্যন্ত লাশ ফেরত দেয়নি বিএসএফ।

২০ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান খান জানান, জেলার আটোয়ারী উপজেলার গিরাগাঁও সীমান্তের মেইন পিলার ৪০৯ এর ২ নং সাব পিলারের কাছে বিডিআর ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পতাকা বৈঠকের পর বিএসএফ নিহত যুবকের লাশ বিডিআর’র কাছে ফেরত দেয়। এসময় বিডিআর’র গিরাগাঁও কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর ও বিএসএফ’র ফতেপুর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন এ কে বর্মা নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

শুক্রবার ভোররাতে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্তে ভারতীয় ফতেপুর বিএসএফ ফাঁড়ির সশস্ত্র সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই ওই বাংলাদেশী যুবক নিহত হয়। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়।