দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে নদী ভাঙ্গন, দেখা দিয়েছে ডায়রিয়া
দেশের উত্তরাঞ্চলে শনিবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র, করতোয়া, তিস্তা, ঘাঘটসহ উত্তরাঞ্চলের অধিকাংশ নদীর পানি আরও বেড়েছে। পানি বৃদ্ধির পাশাপাশি এসব নদীতে দেখা দিয়েছে ব্যাপক ভাঙ্গন।
অন্যদিকে, বন্যা কবলিত এলাকায় ডায়রিয়ায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
একটি এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিডিনিউজের নীলফামারী প্রতিনিধি জানান, জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। টানা ভারি বর্ষণ ও সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢল ডিমলা উপজেলার নিম্নাঞ্চল ছাপিয়ে ঢুকে পড়ছে নতুন নতুন এলাকায়। তিস্তা বাঁধ পয়েন্টে প্রতিঘন্টায় এক থেকে দু’সেন্টিমিটার করে পানি বাড়ছে। শনিবার দুপুর ১২টায় তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
জেলার কিশোরগঞ্জ, ডোমার, জলঢাকা, সৈয়দপুর ও জেলা শহরের অধিকাংশ এলাকা এখন দু’ থেকে চার ফুট পানির নিচে। কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া ও মৌলভীরহাট এলাকার ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় পাঁচ শতাধিক পরিবারের প্রায় আড়াই হাজার মানুষ মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দোলাপাড়া দাখিল মাদ্রাসায় আশ্রয় নিয়েছে।
এদিকে তিস্তার ভাঙ্গনে ঘরবাড়ি হারিয়ে ডিমলা উপজেলার বাইশপুকুর গ্রামের দু’শতাধিক পরিবার তিস্তা বাঁধে আশ্রয় নিয়েছে। অনেক পরিবার তাদের ঘরবাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ে চলে গেলেও দুর্ভোগ তাদের পিছু ছাড়েনি। বন্যা কবলিত গ্রামগুলোতে ছড়িয়ে পড়া ডায়রিয়া ব্যাপক আকার ধারণ করেছে। জেলার ৬১টি ইউনিয়ন ও চারটি পৌর এলাকায় ৬৫টি মেডিকেল টিম কাজ করলেও ডায়রিয়া পরিস্থিতিরও অবনতি ঘটছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এরই মধ্যে একজন মারা গেছে। সদরের কুন্দুপুকুর, পঞ্চপুকুর ও কচুকাটা ইউনিয়নে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এসব ইউনিয়নের ঘরে ঘরে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে।
নীলফামারী জেলা প্রশাসক রবীন্দ্রনাথ রায় চৌধুরী জানান, ডিমলা ও জলঢাকা উপজেলার বন্যা কবলিতদের জন্য জন্যে আট মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে আরও ৫০ মেট্রিক টন চাল ও দু’লাখ টাকা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।
পানিবন্দি প্রায় ১৫ হাজার মানুষ খাওয়ার পানি ও খাদ্য সংকটে ভুগছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শনিবার জেলার বিভিন্ন উপজেলার সাতটি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় গাইবান্ধায় ৬৩ দশমিক ২ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ঘাঘট নদীর পানি বিপদসীমার ৬৬ সে. মি. এবং ব্রহ্মপুত্রের পানি ৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীর পানি বৃদ্ধির সাথে সাথে শহর রক্ষা বাঁধের কুটিপাড়াসহ ছয়টি পয়েন্টে ফাটল আরও মারাত্মক আকার ধারণ করেছে।
এছাড়া ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর, গজারিয়ার কাতলমারীতে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, গোবিন্দগঞ্জের নুরুল্লাবিলের ধর্মপুুরের কাটাখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং করাতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নয়নপুর ও টেংরায় এবং সদর উপজেলার গোদারহাট ও বাগুড়িয়া এলাকায় ঘাঘট নদীর সোনাইল বাঁধে মারত্মক ভাঙ্গন সৃষ্টি হয়েছে।
এদিকে ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধির ফলে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী, উড়িয়া ইউনিয়নের চরাঞ্চল এবং কঞ্চিপাড়া ইউনিয়নের কাইয়ারহাট এলাকার প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। এছাড়া সাঘাটা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জের নিুাঞ্চলে প্রায় ১৭ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে এবং অন্যান্য নদ নদীর পানিও আগের চেয়ে বেড়েছে।
পাহাড়ি ঢলে সোনাভরি ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রৌমারী ও রাজিবপুর উপজেলার ১৫২টি গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যার কারণে এসব এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
অপরদিকে কুড়িগ্রাম-উলিপুর সড়কের দূর্গাপুুর এলাকায় একটি নির্মাণাধীন সেতুর বাইপাস সড়ক পানির তোড়ে ভেসে যাওয়ায় জেলা শহরের সাথে উলিপুর ও চিলমারী উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এদিকে কুড়িগ্রাম টেক্সটাইল মিলের কাছে রেললাইনের একটি সেতু ধসে যাওয়ায় শনিবার থেকে কুড়িগ্রাম-রমনা ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
শেরপুর প্রতিনিধি জানান, জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শ্রীবরদী, নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও সদর উপজেলার ৪০টি ইউনিয়ন এখন বন্যা কবলিত। এসব ইউনিয়নের প্রায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেক এলকার রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে রয়েছে।
গত চারদিনে জেলায় ৩৩০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলার দায়িত্বপ্রাপ্ত জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী শুক্রবার নালিতাবাড়ী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শন করেছেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে এপর্যন্ত ৩০ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, তিন দিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার দূর্গাপুর উপজেলাসহ সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের অধিকাংশ নিুাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় ৫০০ ঘরবাড়ি বিনষ্ট এবং বি¯তীর্ণ জমির উঠতি ফসল ও বীজতলার ব্যাপক ক্ষতি সাধিত হয়।
রংপর প্রতিনিধি জানান, টানা ছয় দিন অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রংপুরের সকল নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এদিকে, গত ৭২ ঘন্টায় রংপুরে ২০৬ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে এটিই রংপুরের সর্বোচ্চ বৃষ্টিপাত।
বৃষ্টি ও ঢলের পানিতে শহরতলীর হনুমানতলা, জুম্মপাড়া, আদর্শপাড়া, হাজীপাড়া, ইসলামপুর, ধাপ সাতগাড়া, মুলাটোল, কেরানীপাড়া, বোতলা, শালবনপাড়া, পাশারীপাড়া, খলিফাটারী, কামালকাছনা, ফতেহপুর, এরশাদনগর, চিনিয়াপড়া, তাঁতীপাড়া, বকুলতলা, বাবুখা, মোল্লাপাড়া এবং মেডিকেল পাকার মাথা এলাকা হাঁটুপানির নিচে ডুবে আছে।
এদিকে, তিস্তার পানি বেড়ে যাওয়ায় গঙ্গাচড়া, হারাগাছ ও কাউনিয়া এলাকার বেশিরভাগ গ্রাম বন্যাকবলিত হয়ে হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্গত এলাকায় পানীয় জল ও খাদ্য সংকট দেখা দিয়েছে। কর্মহীন হয়ে পড়েছে প্রায় দেড় লাখ দিনমজুর।
