২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের সংস্কার প্রস্তাব পর্যালোচনা করা হবে: বিডিনিউজকে সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ বলেছেন, নির্বাচন কমিশন সংস্কারে ১৪ দলের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

শনিবার বিডিনিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

সিইসি বিচারপতি এমএ আজিজ বলেন, সংস্কার প্রস্তাবের বেশির ভাগই আইন প্রনয়ণের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় আমাদের কিছু করার নেই। এ ব্যাপারে সংসদে আইন পাশ করতে হবে। কোনো কোনো প্রস্তাব সরকারি সিদ্ধান্ত এবং কতিপয় প্রস্তাব রাজনৈতিক ঐক্যমতের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, নির্বাচনী আইন সংস্কারের বিষয়ে ইতিবাচক প্রস্তাব যে দলই করুক না কেনো, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘সাবেক সিইসিদের সংস্কার প্রস্তাব পর্যালোচনার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং দাতাদেশগুলো মতামত নিয়েই আমি সরকারের কাছে নতুন সংস্কার প্রস্তাব দেবো।’

এক প্রশ্নের জবাবে বিচারপতি এমএ আজিজ বলেন, কালো টাকার মালিক কোনোভাবেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া নির্বাচনী ব্যয় মনিটরিং ব্যবস্থা করা হচ্ছে। নির্বাচনে নির্ধারিত ব্যয়ের সীমা লংঘনকারীদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনভাবে নির্বাচন তত্বাবধান, পরিচালনা ও নিয়ন্ত্রণমুক্ত পরিবেশে কাজ করার ক্ষমতা থাকা প্রয়োজন। একই সঙ্গে কমিশনের আর্র্থিক স্বাধীনতা থাকাও অতি জরুরী।

তিনি জানান, সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন বাতিল করার ক্ষমতা কমিশনকে আবারো দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। ১৯৯১ সালে নির্বাচন বাতিল করা সংক্রান্ত ক্ষমতা নির্বাচন কমিশনের থাকলেও ২০০১ সালে ওই ক্ষমতা খর্ব করা হয়।

আরেক প্রশ্নের জবাবে সিইসি এমএ বিচারপতি আজিজ বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের ভোটার করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

জাল ভোট রোধ করা সম্পর্কে তিনি বলেন, দেশের ছয়টি বিভাগে জাল ভোট রোধে ভোটার তালিকায় ছবি ও আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি প্রস্তাবিত স্বচ্ছ ভোট বাক্সের বিরোধীতা করে বলেন, আমাদের দেশের জন্য মেটাল বাক্সই বেশি উপযোগী। এক্ষেত্রে এজেন্টদের প্রশিক্ষণ দিতে হবে।

সিইসি জানান, আওয়ামী লীগসহ ১৪ দল প্রস্তাবিত প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা প্রদান, স্বাধীনতা যুদ্ধ বিরোধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, নির্বাচনে অংশ নেওয়া কালো টাকার মালিকদের চিহিৃত করে গ্রেফতারের ক্ষমতা প্রদানসহ অন্যান্য বিষয় সংস্কার করতে হলে সংসদে আইন পাশ করতে হবে।