২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট মেয়ের প্রথম জন্মদিনে থাকা হলোনা ল্যান্স নায়েক পিয়ার আহম্মদের

আদরের ছোট মেয়ে সরজিনা তাসমিমের প্রথম জন্মদিন ২৬ জুলাই আসার কথা থাকলেও কথা রাখতে পারলেন না বিডিআর’র ল্যান্স নায়েক পিয়ার আহম্মদ। শনিবার সম্পন্ন হলো তার কুলখানি।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

চোরাচালানকারীদের গুলিতে বেনাপোলে নিহত পিয়ার আহম্মদের নিথর দেহ তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে পৌঁছুলে তার পরিবার এবং গ্রামবাসীর মধ্যে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

শনিবার সরেজমিন পরিদর্শনকালেও দেখা গেছে, তার জরাজীর্ণ চৌচালা টিনের ঘরটির সামনে জড়ো হয়েছে শতশত গ্রামবাসী। দূরদূরান্ত থেকে মানুষ আসছে তার কবর জিয়ারত করতে।

১৪ জুলাই তার দাফনের পর থেকে শোকে আরও ভেঙে পড়েছেন বৃদ্ধা মা আমেনা বেগম (৬৫), স্ত্রী শামিমা নাছরিন তুতুল (৩২) ও চতুর্থ শ্রেণীতে পড়–য়া কন্যা মারিয়া সুলতানা পিয়া।

শোকাচ্ছন্ন পিয়া বাড়িতে নতুন কাউকে দেখলেই পিতার খুনি বলে চিৎকার করছে আর কাঁদছে অঝোরে।

নিহতের মা এবং মেজো ভাই কান্নাজড়িত কণ্ঠে জানান, পিয়ার দেশের জন্যে প্রাণ দেওয়ায় তারা যেমন শোকাভিভূত তেমনি গর্বিত।

পিয়ারের স্ত্রী জানান, পিয়ার ১৯৮৪ সালে চাকুরিতে যোগদান করেন। ৫ জুলাই তার সাথে পিয়ারের সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। তখন তিনি ২৬ জুলাই ছোট মেয়ের প্রথম জন্মদিনে বাড়ি আসার কথা দিয়েছিলেন।

বিডিআর’র ল্যান্স নায়ক পিয়ার আহম্মদ (৪০) যশোরের বেনাপোলের বড় আচড়া শাল বাগান সীমান্তে ১২ জুলাই চোরাচালানকারীদের গুলিতে নিহত হন।