সিরাজগঞ্জে হরতাল সমর্থকদের মিছিলে সন্ত্রাসী হামলা, রোববার অর্ধদিবস হরতাল
সিরাজগঞ্জে শনিবার হরতাল চলাকালে হরতাল সমর্থকদের মিছিলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার জেলায় অর্ধদিবস হরতাল আহবান করা হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় হরতাল সমর্থনকারী কওমী জুট মিলের শ্রমিক কর্মচারীরা খণ্ড খণ্ড মিছিল বের করে। শ্রমিক ও ছাত্র জনতার একটি মিছিল বড়ইতলার মুজিব সড়ক মোড়ে পৌঁছলে একদল সন্ত্রাসী মিছিলের ওপর হামলা চালায়। এসময় হরতাল সমর্থকদের সাথে সন্ত্রাসীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়।
আহতদের মধ্যে ৩০ জনকে কওমী জুট মিল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কওমী জুট মিল রক্ষা সংগ্রাম কমিটি বাজার স্টেশন স্কয়ারে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে নেতৃবৃন্দ রোববার জেলায় অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করেন।
পাট ও পাট শিল্প রক্ষাসহ ১৫টি রাষ্ট্রায়ত্ব মিলের শ্রমিক কর্মচারীদের ৩২ সপ্তাহের বকেয়া প্রদানসহ সাত দফা দাবি পূরণে শনিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
