নোয়াখালীতে পৃথক ঘটনায় দুই গৃহবধূ খুন
নোয়াখালীর সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলায় দুটি পৃথক ঘটনায় শেফালী বেগম (২৫) এবং আমেনা বেগম (২২) নামে দুই গৃহবধূ খুন হয়েছে।
পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে সুবর্নচর উপজেলার চর নঙ্গলিয়া এলাকার বখাটে যুবক আবু তাহের জোর করে ভূমিহীন সিরাজুল ইসলামের ঘরে প্রবেশ করে তার অন্তঃসত্তা স্ত্রী আমেনা বেগমের শ্লীলতাহানি করতে চেষ্টা চালায়। এ সময় আমেনা বেগম বাধা দেওয়ার চেষ্ঠা করলে আবু তাহের তাকে মারধোর করে পার্শ্ববর্তী পুকুরে ফেলে পানিতে ডুবিয়ে হত্যা করে।
থানার এসআই মোস্তফা জানান, বকেয়া টাকা চাইতে গেলে আমেনা বেগমের সঙ্গে আবু তাহেরের ধস্তধস্তি হয়। এক পর্যায়ে হাতে কামড় দিলে আবু তাহের আমেনাকে বাড়ির পাশে পুকুরে ডুবিয়ে হত্যা করে চলে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহম্পতিবার রাতে চরক্লার্ক ইউনিয়ন বাজারে স্থানীয় জনতা আবু তাহেরকে আটক করে। এসময় খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে আবদুল বেপারির বাড়িতে গৃহবধূ শেফালী বেগমকে তার স্বামী ও ননদ পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেফালী বেগমের সঙ্গে তার ননদ স্বামী পরিত্যক্তা রেহানা বেগম ওরফে ছালেহার সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে স্বামী হারুণ (৩০) এবং ননদ ছালেহা পিটিয়ে এবং পরে শ্বাসরোধ করে শেফালীকে হত্যার পর ঘরের পাশে একটি পেয়ারা গাছে ঝুলিয়ে রাখে। পরে আবার বিছানায় শুইয়ে দেয়।
শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত স্বামী হারুণ এবং ননদ ছালেহাকে গ্রেফতার করে।
