ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত
ঠাকুরগাঁওয়ের দারখোড় সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ’র গুলিতে লুৎফর রহমান নামে এক বাংলাদেশী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে।
পারিবারিক প্রয়োজনে লুৎফর রহমান পায়ে হেঁটে সীমান্তবর্তী গ্রামে তার বোনের বাড়িতে যাচ্ছিল। এ সময় সে দারখোড় সীমান্তের মেইন পিলার ৪০৪/৩-এস সংলগ্ন নো-ম্যানস ল্যান্ডে ভুলক্রমে ঢুকে পড়লে ভারতের ৩২ বিএসএফ ফতেপুর ক্যাম্পের সদস্যরা তাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই লুৎফর রহমানের মৃত্যু হয়। এসময় বিএসএফ সদস্যরা তার লাশ টেনে হিচঁড়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
নিহত লুৎফর রহমান পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দারখোড় গ্রামের মৃত জিয়ারত উদ্দিনের পুত্র।
বিডিআর জানায়, শুক্রবার ময়নাতদন্ত শেষে ফ্লাগ মিটিং এর মাধ্যমে লাশ ফেরত দেওয়ার কথা। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত বিডিআর’র কাছে লাশ হস্তান্তর করেনি বিএসএফ।
এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
