মাদারীপুরে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হতে চলেছে
মাদারীপুরে সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান কার্যত ব্যর্থ হতে চলেছে। সংগ্রহের জন্য খাদ্যবিভাগের অনুকূলে বরাদ্দকৃত দুই কোটি টাকার মধ্যে মাত্র ২০ লাখ টাকা রেখে বাকি টাকা অভিযান শুরুর পরপরই ফেরত পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২৪ মার্চ থেকে গম ও ২৫ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়। গম সংগ্রহের শেষ তারিখ ৩১ জুলাই হলেও ১৪ জুলাই পর্যন্ত এক গ্রাম গমও সংগৃহীত হয়নি। অন্যদিকে ধান-চাল সংগ্রহ অভিযান ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
সূত্র মতে, জেলার চারটি উপজেলায় পাঁচশ ৬৭ টন গম, তিন হাজার চারশ’ ১৭ টন চাল এবং এক হাজার চারশ’ এক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে মাত্র দুই টন ও চাল চারশ’ ৭০ টন। এর মধ্যে কালকিনি উপজেলায় কোনও চাল বা ধান সংগ্রহ করা যায়নি।
মাঠ পর্যায়ের কৃষকরা বিডিনিউজকে জানান, ধান ও চালের দাম সরকারের সরবরাহ মূল্যের চেয়ে বাজারে বেশি থাকায় ও সরকারি গুদামে ধান-চাল বিক্রিতে নানারকম ভোগান্তি সৃষ্টি হওয়ায় এ অভিযান ব্যর্থ হতে যাচ্ছে।
