২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের আর বাড়ি ফেরা হলো না

লিটন মাকে বলেছিল, পরীক্ষা শেষ হলে সে বাড়ি আসবে কয়েকদিনের মধ্যে। কিন্তু তার আর বাড়ি আসা হলো না। বাড়িতে এখন শুধুই কান্নার রোল। মা এবং ছয় বোনের আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাড়ি ও আশপাশের পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে সবাই শোকে পাগলপ্রায়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

ফেনী শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ছাগলনাইয়া উপজেলার দারোগাহাট গ্রামের পাটোয়ারি বাড়ির মৃত শুনু মিয়ার একমাত্র ছেলে মো. রফিকুল ইসলাম পাটোয়ারী লিটন (২৬)। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিল।

তার মা অহিদেন্নেছা (৪৬) শোকে পাগলপারা। অতিকষ্টে তিনি জানান, কয়েকদিন আগে লিটন বাড়ি এসে দুদিন থেকে আবার চলে যায়। পরীক্ষার পর বাড়ি আসবে বলে জানিয়ে যায়। তার ছয় বোন পারভীন আক্তার (৩০), গুলশান আরা (২৮), আফরোজা আক্তার (২২), জান্নাতুল ফেরদৌস (২০), জান্নাতুল নাইম (১৬) এবং জান্নাতুল মাওয়া (১৩) কান্নাজড়িত কণ্ঠে জানান, একমাত্র ভাই মেধাবী ছাত্র লিটনকে হারিয়ে গোটা পরিবারের আশা-আকাক্সক্ষা-স্বপ্ন ভেঙ্গে গেছে। তারা জানান, তাদের ভাই লিটন ছিল চমৎকার ছেলে। সবাই তাকে খুব পছন্দ করত।

লিটনের ব্যবসায়ী বাবা আট বছর আগে মারা যান। আত্মীয়দের সহায়তায় লিটন ছেলেবেলা থেকেই ঢাকায় পড়াশোনা করে।

তার ভগ্নিপতি শাহিনুর আলম জানান, লিটনের বন্ধুরা বুধবার রাতে প্রথমে বাড়িতে ফোন করে লিটনের অসুখের খবর জানায়। বৃহস্পতিবার সকালে তারা লিটনের মৃত্যুর খবর নিশ্চিত করে। বাড়ি থেকে পাঠানো টাকায় তার পড়াশোনার খরচ চলতো।

লিটনের চাচা নুরুজ্জামান পাটোয়ারী জানান, লিটনের আরেক চাচা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-সমন্বয়ে গঠিত একটি দল গভীর রাতে লাশ নিয়ে বাড়িতে এসে পৌঁছার কথা। শুক্রবার সকাল ৯টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে  দাফন করা হবে।