২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা

প্রতিপক্ষের প্রহারে ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার মধ্যে হলগুলো খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক, সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র রফিকুল ইসলাম পাটোয়ারী লিটন বুধবার বিকেলে সংগঠনের অভ্যন্তরীণ প্রতিপক্ষের প্রহারে আহত হয়। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতা তাকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী তাৎক্ষণিকভাবে সকল ক্লাস ও পরীক্ষা বাতিল এবং আবাসিক হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

এদিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতা জসিমউদ্দিন এবং রুবেলকে বহিস্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন এ ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, ব্যক্তিগত বিরোধের জের হিসেবে এ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এর সাথে ছাত্রদলের কোনও সম্পর্ক নেই।

ঘটনায় ছাত্রদলের কোনও নেতা বা কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে ক্যাম্পাসে লিটনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার চাচা লাশ গ্রহণ করে ফেনীর ছাগলনাইয়ায় গ্রামের বাড়ি নিয়ে যান।