রাজধানীতে শুরু হয়েছে থাই খাদ্য উৎসব
দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী খাবারকে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে ‘থাইল্যান্ড উৎসব ২০০৫’ এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে এগারদিন ব্যাপী থাই খাদ্য উৎসব।
হোটেল সোনারগাঁও, ঢাকায় অবস্থিত থাই দূতাবাস এবং থাই এয়ারওয়েজ যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।
উৎসবে থাই খাবার এবং থাইল্যান্ডে উৎপাদিত বিভিন্ন ফলের ব্যপক সমাবেশ ঘটানো হয়েছে। এছাড়া দর্শকদের আনন্দদানের জন্য উৎসব চলাকালীন প্রতিদিন মধ্যাহ্ন এবং নৈশভোজের সময় থাইল্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রদর্শিত হবে।
থাই সিলভারস্মিথের বিভিন্ন শিল্পকর্ম, ছাতা চিত্রাংকন শিল্পী ও ভাস্করদের অংকিত এবং খোদাইকৃত ফল, ছাতার বিভিন্ন চিত্রশিল্প প্রদর্শনের জন্য একটি থাই বাজারও বসেছে উৎসবে। ছাতা অংকিত ছবিগুলো নিলামে বিক্রি করা হবে এবং এর অর্থ ব্যয় করা হবে লাইফবয় মৈত্রী হাসপাতাল নির্মাণ কাজে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে থাই উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত সুপাত চিত্রানুকরো ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ইকবাল আহমেদ চৌধুরী।
প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন উদ্বোধনী বক্তব্যে বলেন, এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ভবিষ্যতে দুই বন্ধুপ্রতিম দেশের পর্যটন ও ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে।
মন্ত্রী বলেন, পর্যটকদের আকৃষ্ট করার মত মনোরম পরিবেশ বাংলাদেশে রয়েছে। গত বছর প্রায় ৩০ লাখ পর্যটক বাংলাদেশ ভ্রমন করেছেন। গত কয়েক বছরে বিদেশী পর্যটকরা এদেশের মানুষের উষ্ণ আতিথেয়তা এবং সহযোগিতা পেয়েছেন।
গত সাড়ে তিন বছরে বিদেশী পর্যটকদের এ দেশে কোন ধরনের হয়রানি করার মত ঘটনা ঘটেনি বলে মন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, কক্সবাজার, কুয়াকাটা ও সুন্দরবনে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি সরকার সারা দেশে পর্যটন শিল্প বিকাশে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে।
থাই ট্রেড প্রতিনিধি ড. প্রাভিচ রাত্তানাপিয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের একটি থাই ব্যবসায়ী প্রতিনিধিদল উৎসবে যোগদানের উদ্দেশ্যে ১৬ থেকে ২২ জুলাই বাংলাদেশ সফর করবে। থাই প্রতিনিধিদল সফরকালে দু’দেশের ব্যবসা - বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা করবেন।
