ডিসিসির সায়েদাবাদ সিটি টার্মিনাল উদ্বোধন করলেন মেয়র খোকা
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা বৃহস্পতিবার সায়েদাবাদে সিটি বাস টার্মিনাল উদ্বোধন করেছেন।
সম্প্রতি বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ঢাকা মহানগরীর তিনটি টার্মিনালের আধুনিকায়ন করা হয়। টার্মিনালগুলো হচ্ছে: সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল।
প্রায় দেড় বছর আগে এসব টার্মিনাল সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু হয়। এরই মধ্যে টাার্মিনালগুলোতে স্বাভাবিক কাজকর্ম চলছে।
মেয়র সাদেক হোসেন খোকা দুপুরে ফলক উন্মোচন ও গাড়ি চলাচল শুরু করার মাধ্যমে সায়েদাবাদ সিটি টার্মিনাল উদ্বোধন করেন। পরে টার্মিনালে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সায়েদাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি নবীউল্লাহ নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনার কাজী আবুল বাশার, মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং স্থানীয় ওয়ার্ড কমিশনারগণ।
মেয়র খোকা ভবিষ্যতে ওই টার্মিনালের আরও উন্নয়নে প্রতিশ্র“তি দেন এবং শান্তি-শৃংখলা বজায় রেখে টার্মিনাল ব্যবহার করতে সকলের প্রতি আহ্বান জানান।
ডিসিসি সূত্রে জানা যায়, সায়েদাবাদ টার্মিনালের উত্তর অংশে এখন থেকে ওই এলাকা দিয়ে ঢাকায় আসা গাড়িগুলো থামবে এবং সেখান থেকেই ছাড়বে। ওইসব গাড়ি আর গুলিস্তান বা ফুলবাড়িয়ায় ঢুকতে পারবে না।
এতে গুলিস্তান এলাকায় গাড়ি প্রবেশের কারণে সৃষ্ট যানজট কিছুটা কমবে বলে ডিসিসি কর্মকর্তারা মনে করছেন।
