অভিভাবক-শিক্ষক অ্যাসোসিয়েশন গঠনে সরকারি পরিকল্পনা
সরকার দেশে অভিভাবক-শিক্ষক অ্যাসোসিয়েশন (পিটিএ) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং শিক্ষার মানোন্নয়নে পাইলট প্রকল্পের মাধ্যমে এ অ্যাসোসিয়েশন গঠন করা হবে।
সফররত মার্কিন পিস কোরের পরিচালক গাড্ডি এইচ ভাসকোয়েজের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সাথে আলোচনায় শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বৃহস্পতিবার একথা জানান।
এক তথ্য বিবরণীতে জানানো হয়, এসময় প্রতিনিধি দলে পিস কোরের কান্ট্রি ডিরেক্টর সাইলাস কেনালা, বারবারা ডালি এবং জে. কাটজেন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ইংরেজি বিষয়ে পাশের হার বাড়ানো গেলে এসএসসি পরীক্ষায় পাশের হার কাক্সিক্ষত মানে উন্নীত হবে। মন্ত্রী দেশের মাধ্যমিক স্কুলসমূহে ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধিতে এবং প্রত্যন্ত এলাকায় পিস কোরের স্বেচ্ছাসেবকদের আন্তরিকতাপূর্ণ কাজের প্রশংসা করেন।
পিস কোরের স্বেচ্ছাসেবকদের ৮০ সদস্যের দুটি দল বর্তমানে দেশের মাধ্যমিক স্কুলগুলোতে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এই কোরের ৫০ সদস্যের তৃতীয় দলটি শিগগিরই বাংলাদেশে আসবে।
