সমঝোতার ব্যাপারে যেকোনো আলোচনা করতে সম্মত উলফা
নিষিদ্ধ ঘোষিত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছে, তাদের সাথে সমঝোতার ব্যাপারে যেকোনো আলোচনা করতে তারা সম্মত রয়েছে। তবে তার আগে বাংলাদেশ, ভারত ও ভুটানের কারাগারে বন্দী তাদের ১০ নেতার মুক্তি দিতে হবে।
এ বক্তব্য আসামের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সাথে কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাবের জন্য একটি প্রত্যক্ষ হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের কাছে উলফার জঙ্গী শাখার প্রধান পরেশ বড়–য়ার পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, তাদের দাবি মেনে নেওয়া হলে আসামের সার্বভৌমত্বের বিষয়টি অন্তর্ভূক্ত হলে দিল্লীর সাথে শান্তি আলোচনা হতে পারে।
উলফা ১৯৭৯ সাল থেকে স্বাধীন আসামের জন্য লড়াই করে আসছে।
সূত্র জানায়, চিঠিতে ওইসব নেতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য ভারতকে উদ্যোগ নেওয়ার ব্যাপারে সরাসরি কিছু বলা হয়নি। তবে পরোক্ষভাবে বাংলাদেশ ও ভুটানে আটক নেতাদের মুক্তির জন্য ভারতকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
উলফা নেতা অনুপ চেটিয়া বর্তমানে একটি মামলায় দণ্ডিত হয়ে বাংলাদেশে কারাভোগ করছেন। তাকে গ্রেফতারের পর জালিয়াতি ও অননুমোদিত স্যাটেলাইট ফোন ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনি বর্তমানে দণ্ড ভোগ করছেন।
