নারী আসনে নির্বাচন প্রশ্নে সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের শুনানি শুরু
জাতীয় সংসদে নারী আসনে নির্বাচন প্রশ্নে লিভ টু আপিল এবং হাইকার্টের একটি আদেশের ব্যাপারে স্টে পিটিশনের শুনানি বুধবার সুপ্রিম কোর্টে শুরু হয়েছে। হাইকোর্টের ওই আদেশে সংসদের ৪৫টি সংরক্ষিত আসনে নির্বাচন আনুষ্ঠানের ব্যাপারে দায়ের করা রিট আবেদন খারিজ করা হয়।
পিটিশনগুলোর একটি অংশের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুদাচ্ছির হোসেন এবং আরও পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের ফুল বেঞ্চ ১৭ জুলাই পরবর্তি শুনানির দিন ধার্য করেন।
সংসদে সংরক্ষিত ৪৫টি নারী আসন নির্ধারণ এবং এসব আসনে নির্বাচন সংক্রান্ত আইন বিষয়ক সংবিধানের চতুর্দশ সংশোধনীর সংশ্লিষ্ট ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে বেশ ক’টি মানবাধিকার সংগঠন এবং রাজনৈতিক নেতার দায়ের করা তিনটি রিট আবেদন ৩০ মে হাই কোর্ট খারিজ করে দেন।
মানবাধিকার সংগঠনগুলো হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে লিভ টু আপিল এবং স্টে পিটিশন দায়ের করেন।
গত বছরের ২৯ নভেম্বর সংসদে সংরক্ষিত ৪৫টি নারী আসনে নির্বাচন সংক্রান্ত একটি আইন পাস করা হয়।
জাতীয় মহিলা আইনজীবী সমিতি, কর্মজীবী নারী, বাংলাাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সহ কয়েকটি নারী সংগঠন এবং কয়েকজন রাজনৈতিক নেতা ২০০৪ সালের ২০ জুলাই ও ১৩ ডিসেম্বর এবং ২০০৫ সালের ৪ জানুয়ারি সংসদের নারী আসনে নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক ধারা এবং আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেন।
আবেদনকারীদের পক্ষে ড. এম জহির এবং সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী মামলা পরিচালনা করেন।
