এভিডেন্স’র প্রকাশনা নিষিদ্ধকরণ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট
ইংরেজি সাপ্তাহিক ম্যাগাজিন এভিডেন্স’র প্রকাশনা নিষিদ্ধ করে ম্যাজিস্ট্রেট আদালত যে রায় দিয়েছেন হাইকোর্ট বুধবার তা অবৈধ এবং আইনসঙ্গত নয় বলে ঘোষণা করেছেন।
এর আগে হাইকোর্টের দেয়া একটি রুলের শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি আফজাল হোসেন আহমেদ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এভিডেন্স’র সম্পাদক আঞ্জুমান আরা বেগম ১৯৯৯ সালের ১৮ নভেম্বর ঢাকার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতকে জানান, পুলিশ ও বহিরাগতরা ধানমন্ডিতে অবস্থিত এভিডেন্স কার্যালয় ভাংচুর করার পর সাময়িকভাবে তা মোহাম্মদপুরের পিসিকালচার রোডে স্থানান্তর করা হয়।
অফিস ধানমন্ডি থেকে মোহাম্মদপুরে স্থানান্তর সংক্রান্ত ঘোষণা না দেওয়ায় অতিরিক্ত ম্যাজেস্ট্রিট আদালত ২৮ নভেম্বর এভিডেন্স’র প্রকশনা নিষিদ্ধ করে দেন।
পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে আঞ্জুমান আরা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন।
রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট ১৯৯৯ সালের ডিসেম্বরে জেলা ম্যাজিস্টেটের দেয়া রায় স্থগিত এবং সরকারের ওপর একটি রুল জারি করেন।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রিয়াজ শাহেদ মাসুদ ও অ্যাডভোকেট নাসিমা আকতার। অপরদিকে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন ডেপুুটি অ্যাটর্নি জেনারেল বদরুদ্দোজা বাদল।
