নারায়ণগঞ্জের ভূলতায় ঘূর্ণিঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ৩৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভূলতায় বুধবার সকালে মাত্র দুই মিনিট স্থায়ী এক ঘূর্ণিঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এতে দুই মহিলাসহ অন্তত: ৩৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে।
হাসপাতাল সূত্র আহতদের কয়েকজনের নাম জানায়। তারা হচ্ছেন, নিয়াজউদ্দিন, জুলহাস, আলী হোসেন, ওয়াজউদ্দিন, সেকেন্দার, জহিরুল, সাহাদত, মনির, আব্দুল আলী, কবীর, আমেনা ও সুরাইয়া।
প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ১১টার দিকে আকস্মিকভাবে ঘূর্ণিঝড় শুরু হয়। এর স্থায়ীত্ব ছিলো মাত্র দুই মিনিট। এতে রূপগঞ্জ থানার ভূলতা ইউনিয়নের মাছিমপুর, মাঝিপাড়া, কান্দাপাড়া, মিয়াবাড়ি, মাছুমাপাড়া ও হাটাবোসহ সাত--আটটি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিধ্বস্ত হয় শতাধিক ঘরবাড়ি।
