বিদ্যুৎমন্ত্রী অসহায়
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের ব্যাপারে তার অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বিভিন্ন ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ডেসা কর্মকর্তারা বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে পারেনি। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।
সবর্শেষ অস্ত্র হিসাবে মন্ত্রী বকেয়া বিল আদায়ে ব্যর্থ হলে ডেসার কর্মকর্তা ও কর্মচারিদের বেতন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে এই হুমকিতে কিছুটা কাজ হয়েছে। দুই হাজার চার কোটি টাকা বকেয়া বিল আদায় তাই প্রমাণ করে।
এর আগে সংসদীয় কমিটি বিভিন্ন সময় ডেসাকে বকেয়া বিল আদায়ের ব্যাপারে তাগিদ দেয়। কিন্তু ডেসা এতে ব্যর্থ হওয়ায় কমিটির সদস্যরা ডেসার কর্মকর্তাদের ব্যাপক সমালোচনা করেন।
কমিটির সদস্য ক্ষমতাসীন ও বিরোধী দলের এমপিরনা ডেসা’র চেয়ারম্যানের কাছে জানতে চান, সংসদ সদস্যের পদ সরকারি চাকরির মত স্থায়ী নয় বলে তিনি ও তার কর্মকর্তারা সংসদীয় কমিটির নির্দেশের কোনও দাম নেই বলে মনে করছেন কিনা।
এর উত্তরে ডেসা চেয়ারম্যান বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কমিটির চেয়ারম্যান এম শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম এবং বিএনপি’র সরদার শাখাওয়াৎ হোসেন বকুল, এম শামসুজ্জোহা খান এবং এম হাবিবুল ইসলাম হাবিব।
