গ্যাস পাইপলাইনের জন্য উপদেষ্টা নিয়োগ করতে যাচ্ছে ভারত-পাকিস্তান
ইরান-পাকিস্তান-ভারত গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়নে ভারত ও পাকিস্তান আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অর্থনৈতিক উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
প্রকল্পের কাঠামো সম্পর্কে পরামর্শ দানের জন্য উভয় দেশ পৃথক উপদেষ্টা নিয়োগ করবে। তারা ২৬০০ কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে দেখবেন। ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে এ পাইপলাইন নির্মাণ সম্পন্ন হওয়ার কথা।
নয়াদিল্লীতে অনুষ্ঠিত দুদিনব্যাপী যৌথ ওয়ার্কিং গ্র“পের বৈঠক শেষে পাকিস্তানী তেল সচিব আহমেদ ওয়াকার বলেন, উভয় দেশের টেকসই ও সহজ লভ্য জ্বালানির জন্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়াতে এ প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ।
তাকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায় যে প্রকল্পের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য ওয়ার্কিং কমিটি একটি কাঠামো তৈরি করেছেন।
ভারতীয় পেট্রোলিয়াম সচিব এস সি ত্রিপাঠী বলেন, গ্যাস, কারিগরি মান ও প্রযুক্তিগত অর্থনৈতিক বিষয়ে সমন্বয় সাধনের জন্য উভয় দেশেরই বৃহৎ চুক্তি রয়েছে। এর ফলে প্রকল্প বাস্তবায়নে উভয় দেশের খরচ কম হবে।
আহমেদ ওয়াকার বলেন, পাকিস্তান ২০১০ সাল থেকে ইরানের কাছ থেকে প্রতিদিন ১০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস আমদানি করতে চাচ্ছে। পরবর্তী পাঁচ বছরে এই আমদানির পরিমাণ ৬০ মিলিয়ন কিউবিক মিটারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের।
অন্যদিকে ভারত প্রতিদিন আমদানি করবে ৬০ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস এবং পরবর্তী তিন বছরে তা ৯০ মিলিয়নে উন্নীত করবে।
এ প্রকল্পে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করা হলে ওয়াকার বলেন, বিভিন্ন সময় আমাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বলেছেন যে জনগণের মতামত বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেব।
