২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের হেফাজতে এবং ক্লিন হার্ট অপারেশনে মৃত্যু আইনের শাসনের চরম লংঘন

সাবেক এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহমুদুল ইসলাম বলেছেন, র‌্যাবের হেফাজতে এবং ক্লিন হার্ট অপারেশনে মৃত্যু দেশে আইনের শাসনের চরম লংঘন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 10:41 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

মঙ্গলবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘বাংলাদেশের আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভায় লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদের মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ এ সভার আয়োজন করেছিল। অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত থাকায় তার বক্তব্য পাঠ করে শোনান ব্যারিস্টার নিহাদ কবীর।

এ্যাডভোকেট মাহমুদুল ইসলাম আরও বলেন, ক্লিন হার্ট অপারেশন চলাকালে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের হেফাজতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মারা যায়। কিন্তু এ ঘটনা তদন্ত করে আমাদের জানানোর জন্যে কোন পদক্ষেপ  নেয় নি সরকার। র‌্যাবের হেফাজতের বিশাল সংখ্যক মানুষ গ্রেফতার হয়েছে, মারা গেছে। সকল ক্ষেত্রেই বলা হয় একটি কাহিনী। গ্রেফতারকৃত ব্যক্তির সহযোগীরা র‌্যাবের হেফাজত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে  ক্রসফায়ারে নিহত হয়।

সোসাইটির সভাপতি অধ্যাপক এমাজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল ইসলাম, সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদের স্ত্রী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমদ, অধ্যাপক নাজমা খান মজলিশ।

অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ, সুপ্রীম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিচারপতি মোস্তফা কামাল বলেন, দেশে আধুনিক বিচার ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদের অবদান অপরিসীম। তিনি নিরপেক্ষ ব্যক্তিত্ব  ছিলেন। আবার তিনি ছিলেন সকল রাজনীতিবিদদের রাজনীতিবিদ।