পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নগরীতে ৬ ডাকাত নিহত
রাজধানীর মিরপুর ও লালমাটিয়ায় মঙ্গলবার পৃথক ঘটনায় পুলিশের সাথে গুলিবিনিময়ে ছয় জন ডাকাত নিহত হয়েছে।
বন্দুকযুদ্ধের ঘটনায় তিনজন পুলিশ, একজন আনসার ও একজন পথচারিও আহত হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার আনুমানিক রাত ৮টা১৫ মিনিটে লালমাটিয়ায় একটি ফ্ল্যাটে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিনজন ডাকাত ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এসময় অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি রিভলবার উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ডাকাতদের পরিচয় জানা যায় নাই। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্য ঘটনায়, রাজধানীর পশ্চিম কাজীপাড়ার বাইশবাড়িতে পুলিশের গুলিতে মঙ্গলবার তিনজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় আরও চারজন আহত হয়। এদের মধ্যে আছে তিনজন পুলিশ সদস্য, একজন আনসার এবং একজন পথচারি।
টহল ডিউটির সময় সন্দেহভাজন এক সন্ত্রাসীকে তল্লাশীকালে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়লে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতদের সবার বয়স ২২ থেকে ২৫ এর মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
আহত পুলিশ ও আনসার সদস্যরা হলো- এএসআই মসিবর রহমান (৩৩) কনস্টেবল ইমাম হোসেন (৩০), কনস্টেবল মোস্তাক (২৮) এবং আনসার প্রহরী দাউদ হোসেন (৩৫)। আহত পথচারির নাম আবুল হোসেন (৭০)।
সন্ত্রাসীরা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে বিস্ফোরণে তারা আহত হয়।
আইনপ্রয়োগকারী সংস্থার আহত সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল এবং পথচারিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কনস্টেবল ইমাম হোসেন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, বিকেল ৫টার দিকে নিহতরা একটি সিএনজি-চালিত থ্রি হুইলার গাড়িতে করে যাওয়ার সময় পুলিশ তাদের তল্লাশী করার জন্যে থামায়। এসময় তিনজন যুবকের মধ্যে একজনকে তল্লাশীকালে অপর দুই যুবক পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশ, আনসার ও পথচারিরা আহত হয়।
এ ঘটনায় পুলিশ গুলি ছোঁড়ে। গুলিতে ওই গাড়ির তিন আরোহীর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যায়। আহত অপর সন্ত্রাসীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, তিন রাউন্ড গুলি, আটটি ককটেল এবং দুটি চাপাতি উদ্ধার করেছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
