জাপানী উদ্যোক্তাদের আকৃষ্ট করতে ও যৌথ বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে প্রবাসী বাংলাদেশীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে জাপানী বিনিয়োগকে আকৃষ্ট করতে ও যৌথ বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার বিকেলে জাপানের রাজধানী টোকিও’র হোটেল ইম্পেরিয়ালে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের উদ্দেশে একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্যে উদার শিল্প ও বিনিয়োগ নীতি রয়েছে। জাপানী উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আরও উদ্বুদ্ধ করতে হবে। তাদের সাথে যৌথ বিনিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে।
খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়’ গঠণ করেছে। প্রবাসীদের কল্যাণ, স্বার্থ ও সমৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে আমরা অব্যাহতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছি। অর্ধ-শতাধিক দূতাবাসের মাধ্যমে সরকার প্রবাসীদের সমস্যা সমাধানে প্রয়াস চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে সরকার দেশে কারিগরি প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারিত করেছে। বিদেশেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যেই যথেষ্ট সাফল্য অর্জন করেছে।
প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত আমাদের রপ্তানি, সরাসরি বিনিয়োগ ও রেমিটেন্স প্রেরণের হার যথাক্রমে ১৩, ৩৫ এবং ২২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। ২০০৪-০৫ অর্থবছরেও এর প্রবণতা অব্যাহত ছিল। এসময় দেশের রিজার্ভের পরিমাণ রেকর্ড ছাড়িয়ে যায়।
বেগম জিয়া বলেন, বিনিয়োগ বোর্ডকে পুনর্গঠন ও শক্তিশালী করায় দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। জোট সরকারের প্রথম তিন বছরে এক দশমিক তিন বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। আরব আমিরাত, মিশর, ভারত, সিঙ্গাপুর, বৃটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি আরও ১২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে।
তিনি বলেন, বন্ধু-প্রতীম জাপানের সহায়তায় রূপসা নদীর ওপর খানজাহান আলী সেতু এবং পদ্মা নদীর পাকশী পয়েন্টে ফকির লালন শাহ সেতু নির্মাণ করা হয়েছে। বর্তমানে জাপানের সহায়তায় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
এ সেতু নির্মাণেও জাপানের সহায়তা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিরোধী দলের প্রচারণার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও গণতান্ত্রিক সহনশীলতার প্রতি অবিচল আস্থা আমাদের বিশ্বব্যাপী উদারনৈতিক মধ্যপন্থী দেশ হিসেবে পরিচিত করেছে। অথচ একটি মহল দেশ ও নাগরিকদের বিপদে ফেলতে দেশে বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তারা এ হীন উদ্দেশ্য চরিতার্থ করতে দেশী-বিদেশী সংবাদ মাধ্যমকে ব্যবহার করছে। একপেশে ও মিথ্যা অভিযোগ আনার জন্যে তারা আয়োজন করছে চিহ্নিত ব্যক্তিদের অংশগ্রহণে সভা-সেমিনার ইত্যাদি। তিনি এই বাংলাদেশ-বিরোধী মিথ্যা প্রচারণার জবাব দেওয়ার জন্যে প্রবাসীদের আহবান জানিয়ে বলেন, বিদেশে আপনাদের সঠিক চিত্র তুলে ধরতে হবে, দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে।
তিনি বিরোধী দলের অপপ্রচারের জবাব দেওয়ার জন্যে প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
