প্রবল বর্ষণে ও ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যা
অব্যাহত বর্ষণ ওউজান থেকে নেমে আসা ঢলে দেশের শেরপুর, রংপুর ও নীলফামারীতে প্রবল বন্যা দেখা দিয়েছে।
শেরপুর প্রতিনিধি জানান, জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার সাতটি ইউনিয়নের ৪০টি গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
বন্যার কারণে উপজেলার ৪০টি গ্রামের নিুাঞ্চল প্লাবিত হওয়ায় রোপা আউশ ও আমন বীজতলা ডুবে গেছে। সেখানকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং ঝিনাইগাতি ও ভায়াডাঙ্গা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
জেলার গারো পাহাড় থেকে নেমে আসা পানির ঢলে নলিতাবাড়ি ও শ্রীবরদী উপজেলার নদীগুলোর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রংপুর প্রতিনিধি জানান, প্রবল বর্ষণ ও উজানের পানির ঢলে জেলার পৌর এলাকার কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার ২৭ টি গ্রামে বন্যা দেখা দিয়েছে।
তিস্তা নদীতে পানি বৃদ্ধির ফলে নদীর ওপর নির্মিত লোহার ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় হারাগাছা পৌর এলাকার সাথে মিলন বার্জা, চারমাথা, পল্লিমারী, হরিণচড়া, ধুমগড়া, তালপট্টি, প্রেমের বাজার, হকবাজার, জনতার বাজার, দালালের হাট, কালমাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব গ্রামের প্রায় ৪০ হাজার লোক এখন পানিবন্দি অবস্থায় রয়েছে।
পানিবন্দি মানুষের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তাদের কোন খোঁজ খবর নেয়া হচ্ছে না।
নীলফামারী প্রতিনিধি জানান, দু’দিনের বিরামহীন ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার ছয় উপজেলার গোটা নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বুড়িতিস্তা, চাড়ালকাটা, বুড়িখোড়া, ধুম, কুমলাই, নাউতারা,যমুনেশ্বরী, খড়খড়িয়া, চিকলিসহ সবকটি নদ-নদী দু’কুল ছাপিয়ে প্রবাহিত হচ্ছে। বানের পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়ে চার হাজার একর জমির রোপা আমন বীজতলা।
সোমবার সকালে ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার বৃষ্টিপাত কম হওয়ায় নদীর পানি কিছুটা কমে বিপদসীমা ঘেঁসে প্রবাহিত হয়েছে।
এদিকে ডিমলা উপজেলার গ্রামগুলো মঙ্গলবার বিকেল পর্যন্ত ২/৩ ফুট পানিরে নিচে তলিয়ে রয়েছে। এসব গ্রামের পানিবন্দী প্রায় ১০ হাজার মানুষ খাওয়ার পানি ও খাদ্য সংকটে ভুগছে। জলঢাকা উপজেলার হলদিবাড়ী এলাকায় ঝুঁকিপুর্ণ তিস্তার ডান তীর বাঁধের প্রায় চার হাজার ফুট এলাকার ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলছে ও বাঁশের পাইলিং নির্মাণ করছে। তিস্তার উত্তাল ঢেউ এর আঘাতে যে কোন মুহুর্তে বাঁধটি ধসে পড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
