সরকারি চাকরিতে এসিআর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি
সংস্থাপন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সোমবার সরকারি কর্মকর্তাদের বার্ষিক গোপন রিপোর্ট (এসিআর) রেকর্ডের বর্তমান ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তুলেছে।
এ ব্যাপারে কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে সুষ্ঠুভাবে পদোন্নতি নিশ্চিত করার জন্য নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।
কমিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে পাশ্ববর্তী ভারত, পাকিস্তান, থাইল্যাণ্ড ও শ্রীলংকার একই ধরণের ব্যবস্থার যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি নতুন ব্যবস্থা গ্রহণ করতে বলে।
এছাড়াও কমিটি পরবর্তী বৈঠকে কর্মকর্তাদের নতুন ব্যবস্থার অগ্রগতি জানাতে বলে।
বৈঠক সূত্র জানায়, কমিটি মনে করে, সরকারি কর্মকর্তাদের একটি দল তাদের নায্য পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছে। কিংবা কম যোগ্যতা সম্পন্নরা এসিআর-এ দোষ ত্রæটি না লেখার কারণে পদোন্নতি পাচ্ছে।
তারা পারফর্মেন্সের বদলে তাদের বসকে খুশি রাখে। যার ফলে মেধাবী কর্মকর্তারা বঞ্চিত হচ্ছে। বৈঠক সূত্র আরও জানায়, সরকারি কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে অন্যায় আচরণের জন্য এসিআর টেম্পারিংয়ের সমালোচনা করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিরোধী দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, সত্যিই যদি বিষয়টি গোপনীয় হয় তাহলে কিভাবে এসিআর টেম্পারিং করা হয়। এ বিষয়ে সতর্ক দৃষ্টি দেওয়া উচিত।
কমিটির চেয়ারম্যান সরদার সাখাওয়াত হোসেন বকুল এসিআর টেম্পারিংয়ের কথা স্বীকার করেন। তিনি বলেন, কর্মকর্তাদের নিরপেক্ষ পদোন্নতি নিশ্চিত করতে এ ক্ষেত্রে পরিবর্তন আবশ্যক।
