সৌদি আরবে নিহতদের পরিবারে শোকের মাতম
সৌদি আরবের তায়েফের একটি ফার্নিচার ওয়্যার হাউজে বয়লার বিস্ফোরণে নিহত বাংলাদেশীদের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রিয় স্বজনকে হারিয়ে পরিবারের সদস্যরা এখন দিশেহারা।
এদিকে প্রবাসী কল্যান মন্ত্রণালয় জানিয়েছে, যত শিগগির সম্ভব নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
বিডিনিউজের লক্ষ্মীপুর সংবাদদাতা জানান, জেলার রামগতি উপজেলার ইছাপুর গ্রামের ছেলে রউফের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্বজনরা। ইছাপুর গ্রামের অজিউল্লাহ’র (৬৫) ছয় ছেলের মধ্যে রউফ দ্বিতীয়। নিহত রউফের পিতা অজিউল্লাহ, মা সামসুন নাহার, স্ত্রী খতিজা বেগম খবর শোনার পর বার বার মূর্ছা যাচ্ছেন। দূর-দূরান্ত থেকে খবর পেয়ে স্বজনরা এসে ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে। নিহতের দুই সন্তান হোসেন (৬) ও আরাফাত (২) এ ব্যাপারে এখনও কিছু বুঝতে পারছে না। শোকের পরিবেশ তাদের মধ্যে সৃষ্টি করছে বিস্ময়।
বিডিনিউজের ফেনী সংবাদদাতা জানান, রোববার গভীর রাতে মোবাইল ফোনে মৃত্যু সংবাদ পাওয়ার পর গ্রামের বাড়ি ফেনীতে নিহত নুরুন্নবীর বৃদ্ধ মা বার বার সংজ্ঞা হারাচ্ছেন। ছেলের প্রিয় মুখটি দেখার জন্য অধীর হয়ে আছেন তিনি। পরিবারের সকলে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, নুরন্নবীর লাশ দেশে এনে বাড়িতে তার পিতার কবরের পাশে দাফনের ব্যবস্থা করা হোক।
প্রায় ১০ বছর আগে ফেনী সদর উপজেলার মরহুম আব্দুর রাজ্জাকের কন্যা মনোয়ারা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। এ দম্পতির তিন ছেলেমেয়ে। বড় মেয়ে মুন্নী (৮) দ্বিতীয় শ্রেনীর ছাত্র। দ্বিতীয় মেয়ে কাকলী (৬) এবং একমাত্র ছেলে আড়াই বছর বয়সী নুর
হোসেন । একমাত্র ছেলেকে দেখে যেতে পারেনি নুরন্নবী।
বিডিনিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাক্ষণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের হাওর বেষ্টিত প্রত্যন্ত গ্রাম ছালিয়াবাড়ির নাছের মিয়ার (২৭) বাড়িতে এখন চলছে শোকের মাতম।
নাছেরের বাবা হতদরিদ্র হাবিব মিয়া ৬০ শতক ফসলী জমি বিক্রি ও ৮০ হাজার টাকা ঋণ করে লাখ দুয়েক টাকার বিনিময়ে দুবছর আগে নাছেরকে সৌদি আরবে পাঠান।
সোমবার বিকালে ব্রাক্ষণবাড়িয়া শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ছালিয়াবাড়ি নামক ওই গ্রামে গিয়ে দেখা যায়, শোকার্ত নাছের মিয়ার বাড়িতে আত্মীয়--স্বজন ও এলাকাবাসীর ঢল নামে। নিহত নাছেরের মা পারুল ও ভাই বোনের আহাজারিতে এলাকায় শোকাতুর পরিবেশ বিরাজ করছে।
এদিকে সৌদি আরবের তায়েফ শহরে ৯ জুলাই অগ্নিকাণ্ডে নিহত সাত জন বাংলাদেশী শ্রমিকদের মৃতদেহ শিগগিরই ঢাকায় আনা হচ্ছে।
মৃতদেহগুলো হস্তান্তর ও ক্ষতিপূরণ আদায় করে তা মৃতদের পরিবারের হাতে পৌঁছে দেয়ার ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। তথ্য বিবরণীতে জানানো হয়, এ ব্যাপারে নিহতদের পরিজনদের অবহিত করা হয়েছে।
