২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতভাগ জিপিএ ৫ পেয়ে বরিশাল ক্যাডেট কলেজের রেকর্ড সৃষ্টি

এসএসসি পরীক্ষায় শতভাগ ছাত্রের জিপিএ- ৫ পাওয়ার বিরল কৃতিত্বে বরিশাল ক্যাডেট কলেজের নাম দেশবাসীর মুখে মুখে ফিরছে। এতে আনন্দিত কলেজের শিক্ষক ও বর্তমান ছাত্ররা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

আনন্দিত বরিশালবাসীও।

অনন্য রেকর্ড সৃষ্টিকারী কলেজটি ১৯৮১ সালে একটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ক্যাডেট কলেজে রূপান্তরিত হয়। এরপর থেকে মোট ২১টি ব্যাচ এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যার অধিকাংশ ব্যাচেই পাশের হার ছিলো শতভাগ। প্রতিবছর বোর্ডের মেধা তালিকায় বরিশাল ক্যাডেট কলেজের বিশেষ অবস্থান ছিল। এ পর্যন্ত বিজ্ঞান বিভাগে ১৬০ জন এবং মানবিক বিভাগে ২৯ জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করেছে।

এ ছাড়া ১৯৮৭, ৮৯, ৯১, ৯৫ ও ৯৮ সালে যশোর বোর্ডে বরিশাল ক্যাডেট কলেজ মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। ২০০১ সাল থেকে চালু হওয়ার পর জিপিএ পদ্ধতিতে অংশ নেওয়া ২৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৬ জন জিপিএ ৫ পায়। একই সাথে প্রতিবছরই পাশের হার ছিলো শতভাগ।

১৯৭৭ সালের ১ জুলাই জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সভায় ছয়টি আবাসিক আদর্শ বিদ্যালয়কে পর্যায়ক্রমে ক্যাডেট কলেজে রূপান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮১ সালের ১ জুলাই বরিশাল রেসিডেন্সিয়াল মডেল স্কুলকে বরিশাল ক্যাডেট কলেজে রূপান্তরিত করা হয়।

বরিশাল শহর থেকে ১২ কিলোমিটার উত্তরে বরিশাল-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে ৫০ দশমিক ৩৪ একর জমির উপর বরিশাল ক্যাডেট কলেজ প্রতিষ্ঠত। 

প্রতিষ্ঠার পর ১৯৮২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পরীক্ষার ফলাফলের মূল্যায়নে পুরাতন পদ্ধতি অনুযায়ী এসএসসি পরীক্ষায় এ ক্যাডেট কলেজ থেকে ৯০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৮৫৩ জন বিজ্ঞান এবং ৫১ জন মানবিক বিভাগের পরীক্ষার্থী।

এদের মধ্যে ৮৩৭ জন প্রথম বিভাগে, ৪২ জন দ্বিতীয় বিভাগে এবং মাত্র একজন পরীক্ষার্থী তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। প্রথম চার বছরে ক্যাডেট কলেজ থেকে ২৩ জন পরীক্ষার্থী ফেল করে। এছাড়া ১৯৯৬ সালে একজন পরীক্ষার্থী ফেল করার ঘটনা বাদ দিলে ১৯৮৬ থেকে এ বছর পর্যন্ত বরিশাল ক্যাডেট কলেজে এসএসসি’র পাশের হার শতভাগ।

এ ব্যাপারে বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ফায়জুল হাসান পরীক্ষার্থীদের বিরল দৃষ্টান্ত স্থাপনের জন্য পাঠদান পদ্ধতিকে চিহ্নিত করেছেন।

তিনি এ প্রসঙ্গে বলেন, শ্রেনীকক্ষে শিক্ষকরা আন্তরিকতার সাথে পাঠদান করেন। কোন শিক্ষার্থী তা বুঝতে অক্ষম হলে তাকে পুনরায় বুঝিয়ে দেওয়া হয়। তিনি বলেন, নিয়মতান্ত্রিকতা ছাত্রদের কৃতিত্ব অর্জনে সহায়ক হিসেবে কাজ করেছে।