অরক্ষিত অবস্থায় বেনাপোল বন্দর: প্রতিদিন চুরি হচ্ছে বিপুল পরিমান মালামাল
দেশের সবচে’ বড় স্থল বন্দর বেনাপোল ট্রাক টার্মিনাল ইয়ার্ডের সীমানা প্রাচীর ধ্বসে পড়ায় কোটি কোটি টাকার মালামাল অরক্ষিত অবস্থায় খোলা আকাশের নীচে পড়ে রয়েছে।
ইয়ার্ডের পূব পাশের সীমানা প্রাচীর ধ্বসে পড়ায় গত এক বছর ধরে প্রতিদিন বিপুল পরিমান মালামাল চুরি যাচ্ছে।
সূত্র জানায়, এ কারণে টার্মিনাল ইয়ার্ডে নিরাপত্তা ব্যবস্থা দূর্বল হয়ে পড়েছে। সন্ধ্যা নামার পরপরই এ ইয়ার্ড থেকে প্রতিদিন চুরি যাচ্ছে লাখ লাখ টাকার মালামাল।
বন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা প্রহরী মোহাররব হোসেনের নেতৃত্বে বন্দর এলাকায় গড়ে উঠেছে একটি শক্তিশালী চোর সিন্ডিকেট। বহুল আলোচিত প্রহরী মোহাররব হোসেন বন্দর থেকে মালামাল চুরির মুখ্য ভূমিকা পালন করে থাকে। মোহাররব দীর্ঘদিন থেকে এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে বেশ দাপটের সাথে। তার বিরুদ্ধে বেশ কয়েকবার বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে দূর্নীতির সংবাদ প্রকাশের পরও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।
বন্দরের অপর একটি সূত্র জানায়, বন্দরের এই সীমানা প্রাচীর নির্মানের সময় ব্যাপক কারচুপি করা হয়েছিল বিধায় নির্মানের ৩/৪ মাস না যেতেই ধ্বসে পড়ে সীমানা প্রাচীর। বন্দর কর্তৃপক্ষকে বারবার এটি মেরামতের জন্য তাগিদ দেয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
এদিকে বন্দর থেকে মালামাল চুরি বন্ধ না হলে ব্যবসায়ী সংগঠনগুলো বন্দরের বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাওয়ার কথা ভাবছে।
