২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফটো সাংবাদিকদের ওপর হামলায় এনএসআইয়ের দুঃখ প্রকাশ: দোষীদের শাস্তি ও আহতদের চিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি

ফটো সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল সিকিউরিটি ইন্টালিজেন্স’র (এনএসআই) মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী রোববার দুঃখ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আহতদের চিকিৎসার ব্যাপারে প্রতিশ্র“তি প্রদান করেন।

সিনিয়র সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠককালে ফটো সাংবাদিকদের বিরুদ্ধে এনএসআই সদস্যদের দায়ের করা মামলাও প্রত্যাহার করে নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এনএসআই কার্যালয়ে আয়োজিত বৈঠকে অন্যান্যের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের  (জেপিসি) সেক্রেটারি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি এলাহী নেওয়াজ খান, বিপিজেএ সভাপতি একেএম মহসীন এবং সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু উপস্থিত ছিলেন।

অন্যদিকে বৃহস্পতিবারের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে এনএসআইয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আশ্বাস দেন।

গত ৭ জুলাই বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠের এক ফটো সাংবাদিক এনএসআই কার্যালয়ের দেয়ালের ছবি তুলতে গেলে এনএসআই সদস্যরা নয়জন ফটো সাংবাদিককে মারধর করে এবং তাদের কয়েকজন গুরুতর আহত হয়।