‘জাতীয় চাহিদা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা উচিত’
শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোনও বিষয় অন্তর্ভুক্তির সময় জাতীয় চাহিদা বিবেচনা করা উচিত।
রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘মানবজীবনে মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি এই সেমিনারের আয়োজন করে।
সমিতির সভাপতি অধ্যাপক ড. শওকত আরার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আফতাব আহমেদ ও এনসিটিবি’র চেয়ারম্যান ড. গাজী মোঃ আহসানুল কবির। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালযের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রওশন আলী এবং অধ্যাপক শামীম ফেরদৌস করিম মূল প্রবন্ধ উপস্থাপিত করেন।
বক্তারা বলেন, দেশের ১১৮১ টি কলেজের মধ্যে ৪২৫ টি কলেজে মনোবিজ্ঞান পড়ানো হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে গুচ্ছপ্রথা বিদ্যমান থাকায় দিন দিন এ বিষয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে।
বক্তারা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
