বন্দরনগরী চট্টগ্রামে ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে
বন্দরনগরী চট্টগ্রামে বড় ধরনের অপরাধ কমে এলেও আশংকাজনক হারে বেড়েছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। নগরীতে প্রতিদিনই এ ধরনের ১০ থেকে ১৫ টি ঘটনা ঘটছে।
চট্টগ্রামে নয় থেকে দশটি সংঘবদ্ধ দলের প্রায় একশ’ ৫০ জন অপরাধী এই ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। তাছাড়া প্রায় ৫০ জন স্কুটার চালকও এই অপরাধী চক্রের সাথে জড়িত বলে জানিয়েছে স্থানীয় পুলিশ সূত্র। এ পর্যন্ত আটককৃত শীর্ষ অপরাধীদের কাছ থেকে পাওয়া তথ্যে এবং বিভিন্ন তদন্তেও এর সত্যতা পাওয়া গেছে।
চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন না বিধায় থানায় এ সম্পর্কিত কোন সঠিক তথ্যও নেই।
ছিনতাইয়ের মাত্রা এতটাই বেড়ে গেছে যে মহিলারা গয়না পড়ে এখন ঘরের বাইরে বেরুচ্ছেন না। বিশেষ করে মহিলারাই ছিনতাইয়ের শিকার হচ্ছেন বেশি।
নগরীতে চলাচল কারী যাত্রীবাহী বাস, অটোরিক্সাগুলোতে অহরহ ঘটছে ছিনতাইয়ের ঘটনা। যাত্রীবেশি ছিনতাইকারীরা সুবিধামত জায়গায় গিয়ে ছিনিয়ে নিচ্ছে যাত্রীদের সর্বস্ব। তাদের সক্রিয় সহযোগী হিসেবে কাজ করছে বিভিন্ন বাহনের চালকরা। টহল পুলিশের নিস্ক্রিয়তা এবং তাদের অসহযোগিতাই এ দুস্কৃতিকারীদের বাড়তি যুযোগ করে দিয়েছে বলে সচেতন মহর অভিযোগ করেন। তারা বলেন, বর্তমানে ডাকাত ও ছিনতাইকারীদের হাত থেকে কেহই নিরাপদ নয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ১৯৯৯ সালে পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে এই সব ছিনতাইতারীদের বেশিরভাগই বস্তির বাসিন্দা। ওলি খান মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়র্টার পর্যন্ত এলাকা ছিনতাইকারীদের অভয়ারন্যে পরিনত হয়েছে। এই স্থানে প্রায়ই চিকিৎসক এবং রোগীদের আত্মীয় স্বজনরা ছিনতাইকারী ও ডাকাতদের কবলে পড়েন।
সর্বশেষ এ এলাকায় ছিনতাইয়ের শিকার হন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক প্রভাত চন্দ্র বড়–য়া। হাসপাতালের অধ্যক্ষের বাসভবনের সামনে থেকে ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরদিন অধ্যাপক প্রভাত পাঁচলাইশ থানায় একটি সাধারন ডায়েরি করেন।
নগরীর আউটার স্টেডিয়াম, এমএম আলী রোড, চট্টেশ্বরী রোড, আসকর দীঘীর পাড়, জামাল খান, সিরাজদ্দৌলা রোড, গনি বেকারি চত্বর, প্রবর্তক ক্রসিং, সিআরবি রোড, সার্সন রোড, ওয়াসা ক্রসিং, মিমি সুপার মার্কেট রোড, লাভ লেইন, কাটাপাহাড়, বাদামতলী ক্রসিং, লালখান বাজার এবং চেরাগী পাহাড় ক্রসিং এলাকায় সবচেয়ে বেশি ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে।
সাধারণ নগরবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তারা জানায়, আসসালামু আলাইকুম নামে একটি পার্টি রিকশা থামিয়ে ছিনতাই করছে।
চট্টগ্রাম পুলিশের একজন কর্মকর্তা ঘটনার কথা স্বীকার করে বলেছে ছিনতাই ও ডাকাতির এসব ঘটনা রোধ করতে তারা টহল জোরদার করেছে এবং নতুন কৌশল নিয়ে মাঠে নামবে।
