২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের আচরণ পরিবর্তনে প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা নিচ্ছে ডিএমপি

মাঠ পর্যায়ের পুলিশের আচরণ পরিবর্তনের জন্য প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

শনিবার রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে ক্রাইম রিপোর্টারদের সাথে এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান একথা বলেন।

সভায় পুলিশের উর্ধŸতন কর্মকর্তারা স্বীকার করেন যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য যারা রাস্তায় টহল দেয় অথবা অভিযান চালায় তারা বেশিরভাগ সময় জনগণের সাথে দুর্ব্যবহার করে। এ প্রবণতা বন্ধ হওয়া উচিৎ বলে তারা মত প্রকাশ করেন।

এ ধরনের অভিযোগ এড়াতে ডিএমপি পুলিশদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএমপি কমিশনার দাবি করেন, আগের ছয় মাসের তুলনায় শেষ ছয় মাস ঢাকা নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি ঘটেছে।

তবে তিনি স্বীকার করেন যে ছিনতাইয়ের ঘটনা কমলেও নগরীতে ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, জনগণের সহায়তা ছাড়া পুলিশের একার পক্ষে  আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা সম্ভব নয়।

পুলিশ কর্তৃপক্ষ বিভিন্ন অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর ব্যাপারে পরামর্শ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক, ডিসি (উত্তর) ওবায়দুল হক, ডিসি (পূর্ব) মাহবুবুর রহমান, ডিসি (দক্ষিণ) মাজহারুল হক এবং ডিসি (পশ্চিম) কোহিনুর মিয়া উপস্থিত ছিলেন।