নিবিড় মনোযোগ এবং প্রচুর অনুশীলন ভালো ফলাফলের চাবিকাঠি
এসএসসিতে ভালো ফলাফলের জন্যে নবম শ্রেণী থেকেই বিশেষ মনোযোগ এবং বাড়িতে অনুশীলনের পর্যাপ্ত সময় রেখে স্কুলের সিলেবাস শেষ করা প্রয়োজন।
এ অভিমত প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।
এবারের এসএসসি পরীক্ষায় নিজের স্কুলের বিপুল সাফল্যে উচ্ছ্বসিত ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজের অধ্যক্ষ রোয়েনা হোসেন শনিবার বিকেলে বিডিনিউজকে বলেন, ভালো ফলাফল একদিনে আসেনা। এজন্যে আমাদের ছাত্রীদের নবম শ্রেণী থেকেই বিশেষ যতœ নেওয়া হয়।
এ বছর ভিকারুন্নেসা নুন স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয় ৭৮৪ জন, যার মধ্যে ৭৭৩ জনই জিপিএ--৫ পেয়েছে। পাশের হার ৯৮.৫৯।
তিনি আরও বলেন, এমসিকিউ পদ্ধতিতে এসএসসি পাশের পর এইচএসসি’র বিশাল সিলেবাসের মুখোমুখি হয়ে ছাত্র-ছাত্রীরা সমস্যার মধ্যে পড়ে। এ দুই পর্যায়ের পাঠ্যসূচির মধ্যকার ব্যবধান কমিয়ে আনা সামগ্রিকভাবে সুফল বয়ে আনবে বলে তিনি মত প্রকাশ করেন।
সেই সাথে তার পরামর্শ হলো, স্কুলগুলোতে এমনভাবে সিলেবাস শেষ করা উচিত যাতে বাসায় নিরবচ্ছিন্ন অনুশীলনের জন্যে ছেলে-মেযেরা যথেষ্ট সময় পায়। একই কথা বলেছেন অন্য আরও ক’টি প্রতিষ্ঠানের প্রধানরা।
এবছর জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের সংখ্যা অন্যান্য বারের চেয়ে বেশি হওয়ার কারন হিসেবে চতুর্থ বিষয়কে গুরুত্ব দেওয়াকে নির্দেশ করেছেন হলিক্রস স্কুলের প্রধান শিক্ষয়িত্রী ফিলোমিনা কুইয়াহ।
বর্তমান পরীক্ষা পদ্ধতিকে যথাযথ বলে আখ্যায়িত করে ধানম-ি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মোস্তফা কামাল বলেন, নকল প্রতিরোধে কঠোর হওয়ায় এমনকি গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীরাও এখন ঠিক মতো পড়াশুনা করতে বাধ্য হচ্ছে।
তিনি বলেন, এতে করে দেশের শিক্ষার মান ঊর্ধ্বমুখী হবে।
অবশ্য ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজের অধ্যক্ষ রোয়েনা হোসেন পরীক্ষা পদ্ধতির সংস্কার প্রসঙ্গে প্রস্তাবিত সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানান। এ প্রস্তাবে বর্তমান এমসিকিউ পদ্ধতির পাশাপাশি রচনামূলক ছোট প্রশ্ন অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বিডিনিউজকে জানান, এমসিকিউ ও রচনামূলক ছোট প্রশ্নের অনুপাত হবে ৬০:৪০। ২০০৭ সালে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা এ পদ্ধতিতে হতে পারে বলেও তিনি জানিয়েছেন।
বরাবরের মতোই এবারও মির্জাপুর ক্যাডেট কলেজ ঈর্ষণীয় ফলাফল করেছে। এ বছর কলেজের ৫১ জন পরীক্ষার্থীর ৪৯ জনই পেয়েছে জিপিএ-৫ গ্রেড।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বিডিনিউজকে জানান, এ ফলাফল শিক্ষক, ছাত্র এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ফসল।
