এবার এসএসসির ফলাফলে মেয়েদের থেকে ছেলেরা এগিয়ে
এবারের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার ফলাফলে ছেলেরা মেয়েদের থেকে বেশ এগিয়ে গেছে। প্রতিটি শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা গেছে, মেয়েদের থেকে ছেলেদের পাসের হার বেশি।
এবারের জিপিএ পাওয়ার দিক থেকে ছেলেরা মেয়েদের থেকে এগিয়ে রয়েছে। এর আগে গত পাঁচ বছরের মধ্যে ছেলেদের থেকে মেয়েরাই এগিয়ে ছিল।
এবারের ফলাফলে দেখা যায়, ঢাকা বোর্ডে এক লাখ ১৬ হাজার সাতশ’ ১৫ জন ছাত্রের মধ্যে মধ্যে পাস করেছে ৬৪ হাজার ৩০ জন। ছেলেদের পাসের হার ৫৪ দশমিক ৮৬ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার পাঁচশ’ জন।
অপরদিকে এক লাখ এক হাজার নয়শ’ ৫৯ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৫১ হাজার পাঁচশ’ ৩৩ জন। পাসের হার ৫০ দশমিক ৫৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার সাতশ’ ৬৪ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা ছিল ৩০ হাজার ছয়শ’ ৪৭ জন। পাস করেছে ১৯ হাজার একশ’ ৫৭ জন। পাসের হার ৬২ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার দুইশ’ ২০ জন। অন্যদিকে, পরীক্ষার্থী ছাত্রীর সংখ্যা ছিল ২৭ হাজার ছয়শ’ ৭২ জন। পাস করেছে ১৬ হাজার তিনশ’ ৭৩ জন। পাসের হার ৫৯ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪৫ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে ছেলের সংখ্যা ছিল এক লাখ ১১ হাজার পাঁচশ’ ৬৭ জন। পাস করেছে ৫০ হাজার সাতশ’ ৪২ জন। পাসের হার ৪৪ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ১১২ জন।
অন্যদিকে, পরীক্ষার্থী ছাত্রীর সংখ্যা ছিল ৯২ হাজার পাঁচশ’ ৭০ জন। ৩৭ হাজার দুইশ’ ৯৯ জন পাস করেছে। পাসের হার ৪০ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার একশ’ ৬৪ জন।
যশোর শিক্ষা বোর্ডে ৫৬ হাজার পাঁচশ’ ৮১ জন পরীক্ষার্থী ছাত্রের মধ্যে পাস করেছে ৪০ হাজার ৮৫ জন। তাদের পাসের হার ৭০ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭৪ জন। একই বোর্ড থেকে পরীক্ষার্থী ছাত্রীর সংখ্যা ছিল ৪৪ হাজার নয়শ’ ৯২ জন। পাস করেছে ৩০ হাজার একশ’ ৯৩ জন। পাসের হার ৬৭ দশমিক ১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে পাঁচশ’ ৮০ জন।
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা ছিল ৪৬ হাজার একশ’ ৫০ জন, তাদের মধ্যে পাস করেছে ২৭ হাজার চারশ’ ৭৩ জন। পাসের হার ৫৯ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে নয়শ’ ৩৪ জন।
অন্যদিকে, এ বোর্ডে পরীক্ষার্থী ছাত্রীর সংখ্যা ছিল ৪০ হাজার সাতশ’ ৯৩, যাদের মধ্যে পাস করেছে ২১ হাজার একশ’ ২০ জন। পাসের হার ৫১ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চারশ’ ৭৩ জন।
বরিশালে ২৭ হাজার সাতশ’ ৬৩ জন ছাত্রের মধ্যে পাস করেছে ১২ হাজার ছয়শ’ ৯৩ জন। তাদের পাসের হার ৪৫ দশমিক ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুইশ’ ৪৭ জন। একই বোর্ডে পরীক্ষার্থী ছাত্রীর সংখ্যা ছিল ২৪ হাজার পাঁচশ’ ৫৩ জন। পাস করেছে ১০ হাজার ১৫ জন। পাসের হার ৪০ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একশ’ ৩৫ জন।
সিলেট বোর্ডের পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা ছিল ১৪ হাজার একশ’ ৮৩ জন। তাদের মধ্যে পাস করেছে সাত হাজার তিনশ’ ৪৫ জন। পাসের হার ৫১ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে তিনশ’ একজন। এ বোর্ডে পরীক্ষার্থী ছাত্রীর সংখ্যা ছিল ১৫ হাজার দুইশ’ ৭৬ জন। তাদের মধ্যে পাস করেছে ছয় হাজার নয়শ ৩৫ জন। পাসের হার ৪৫ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একশ’ ৭২ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্র্ডে পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা ছিল ৯২ হাজার ৯৯ জন। এদের মধ্যে পাস করেছে ৬০ হাজার চারশ’ ৯৪ জন। পাসের হার ৬৫ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার চারশ’ ২৩ জন। একই বোর্ডে পরীক্ষার্থী ছাত্রীর সংখ্যা ছিল ৬৪ হাজার সাতশ’ ১৬ জন, যাদের মধ্য থেকে পাস করেছে ৩৬ হাজার ৮১২ জন। এখানে ছাত্রীদের মধ্যে পাসের হার ৫৬ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুইশ’ ১৮ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা ছিল ২৫ হাজার ১৪ জন। এদর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৪৪ জন। পাসের হার ৫২ দশমিক ১৫ শতাংশ। এখানে জিপিএ-৫ পেয়েছে মাত্র তিনজন। এখানে ছাত্রীর সংখ্যা ছিল ১০ হাজার সাতশ’ ৬৫ জন। যাদের মধ্যে থেকে পাস করেছে পাঁচ হাজার তিনশ’ ৫৯ জন। পাসের হার ৪৯ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন।
