২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের আসমা হক প্রিন্স চার্লস এর কাছ থেকে অ্যাসডেন পুরস্কার গ্রহণ করেছেন

প্রকৌশলী সংসদ লি. (পিএসএল) এর আসমা হক সম্প্রতি প্রিন্স অব ওয়েলস চার্লস এর কাছ থেকে জ্বালানি বিষয়ে সম্মানজনক পুরস্কার অ্যাসডেন পুরস্কার গ্রহণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সৌর শক্তিকে রূপান্তর করে বাতি জ্বালানো এবং রান্নার কাজে ব্যবহার করার প্রক্রিয়ায়  উৎপাদক ও ভোক্তা হিসেবে নারীদের সক্ষমতা বৃদ্ধির একটি প্রকল্পের জন্যে তিনি এন্টারপ্রাইজ শাখায় ১০ হাজার পাউন্ড অর্থমূল্যের দ্বিতীয় পুরস্কার পান। স্থায়ীত্বশীল এনার্জি বিষয়ে প্রকল্পের জন্যে এবছর রেকর্ড পরিমাণ ১৬টি পুরস্কার প্রদান করা হয়।

এবছর মোট ৩ লাখ ৪০ হাজার পাউন্ডের পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী প্রকল্প পেয়েছে ৩০ হাজার এবং দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত প্রকল্প পেয়েছে ১০ হাজার পাউন্ড।

ভারত, নেপাল, হন্ডুরাস ও রুয়ান্ডার পথিকৃৎ প্রকল্পসমূহ অর্জন করেছে এক লাখ ৫০ হাজার পাউন্ডের পুরস্কার এবং নাইজেরিয়া, বাংলাদেশ ও ফিলিপাইন্স পেয়েছে দ্বিতীয় পুরস্কার।

এনার্জি বিষয়ে স্থানীয় পর্যায়ে পরিবেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ, দারিদ্র্য বিমোচন ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক সৃজনশীল ও অনন্য প্রকল্পকে উৎসাহিত করার লক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়।

একটি এনজিও’র সহায়তায় পটুয়াখালীর চর মনতাজে সিইডব্লিউডিসি নামে নারীদের একটি সমবায় সৌর শক্তিকে বাতি জ্বালানো ও রান্নার কাজে ব্যবহার করছে। বিচ্ছিন্ন দ্বীপ চরমনতাজের এ প্রকল্পে কাজ করছে পিএসএল নামে পুরস্কারপ্রাপ্ত ঢাকার ছোট এই কনসালটেন্সি প্রতিষ্ঠান।

সিইডব্লিউডিসি ৩০ জন স্থানীয় নারীকে  চরের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, স্কুল ও মাদ্রাসায় সৌর বিদ্যুৎ এর ব্যবহার ও বিক্রি সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছে।

সিইডব্লিউডিসি ১৯৯৯ সালে যাত্রা শুরু করেছিল। বর্তমানে তারা ৩৮০ টি বাড়িতে বিদ্যুৎ বিক্রি করছে। গত বছর তারা ২৯ হাজার পাউন্ড মূল্যের বিদ্যুৎ বিক্রি করে।

বর্তমানে উল্লেখিত সমবায়ের পরিধি বাড়ছে। পিএসএল’র এ সফলতা দেখে গ্রামীণ শক্তি নামে একটি প্রতিষ্ঠান পাশের একটি চরে এ ধরনের প্রকল্প চালু করেছে।

আসমা হক এবং তার সহকর্র্মিরা সমবায়ের মাধ্যমে পরিচালিত বিদ্যুৎ প্রকল্পে কারিগরি, বাজারজাতকরণ ও ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।