ভিকারুন্নিছা নুন স্কুল ঢাকা বোর্ডের জিপিএ-৫ তালিকার শীর্ষে
এবারের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের জিপিএ-৫ তালিকার শীর্ষে অবস্থান করছে ভিকারুন্নিছা নুন স্কুল। এ স্কুলের চারশ’ ৬৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ- ৫ পেয়েছে।
গত বছর এ স্কুলের চারশ’ ২১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল। এবার সারা দেশের মধ্যে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে। দেশের মোট ১৭ হাজার দুইশ’ ৭৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডেরই রয়েছে ছয় হাজার একশ’৭৪ জন।
জিপিএ-৫ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আইডিয়াল স্কুল ও কলেজ। এ প্রতিষ্ঠানের চারশ’ ৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয় একশ’ ৮০ জন জিপিএ ৫ নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে।
তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে যথাক্রমে মিরপুর উচ্চ বিদ্যালয় এবং রাজউক উত্তরা মডেল স্কুল ও কলেজ। এদের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা যথাক্রমে একশ’ ৭৯ ও একশ’ ৫৬ জন।
সরকারি ল্যবরেটরি উচ্চ বিদ্যালয় একশ’ ৪৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। তাদের অবস্থান ষষ্ঠ। মতিঝিল সরকারি বয়েজ হাইস্কুল একশ’ ৩৬ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী নিয়ে সপ্তম স্থানে রয়েছে।
তালিকায় অষ্টম স্থান অধিকারী ঢাকা রেসিডেন্টসিয়াল মডেল কলেজের একশ’ ৩১ জন, নবম স্থান অধিকারি ধানমন্ডি সরকারি বয়েজ স্কুলের একশ’ ২৩ জন এবং দশম স্থানে থাকা হলিক্রস গার্লস হাই স্কুলের একশ’ নয়জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক হাজার ছয়শ’ ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে মাত্র চারজন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
