২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ সাল থেকে সরকার এসএসসি পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের পরিকল্পনা করছে

শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক শনিবার ইঙ্গিত দিয়ে বলেছেন, ২০০৭ সাল থেকে বর্তমানে প্রচলিত এসএসসি পরীক্ষা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ভিকারুন্নিসা স্কুল প্রাঙ্গনে বিডিনিউজের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, পরিবর্তিত পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রচলিত এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়েশ্চেন) প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি কিছু বর্ননামূলক প্রশ্নেরও উত্তর দিতে হবে।

এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য মন্ত্রী হঠাৎ করেই ভিকারুন্নিসা স্কুলে হাজির হন।

বর্তমানে প্রচলিত ব্যবস্থায় সত্যিকার অর্থে ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই হয় কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার ওপর ভিত্তি করে নির্ধারিত পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে কারও মেধার সঠিক মূল্যায়ন হয় না।

তিনি আরও বলেন, এ কারণেই সরকার প্রশ্নপত্রের কাঠামোতে পরিবর্তনের পরিকল্পনা করছে। নতুন ব্যবস্থায় বর্তমান এমসিকিউয়ের সাথে ছাত্রদের কিছু সংক্ষিপ্ত বর্ণণামূলক প্রশ্নের উত্তর দিতে হবে।

তিনি বলেন, এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের অনুপাত হতে পারে ৬০:৪০। যা দেশের স্কুল পর্যায়ের শিক্ষার মানোন্নয়নে সহায়তা করবে।

মন্ত্রী আরও জানান, এ পরিবর্তনের কারণে পাশের হার কমে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। এতে করে শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে।

তিনি বলেন, সংশোধিত পদ্ধতি শিক্ষার্থীদের কল্পনাশক্তি এবং সৃজনশীলতার বিকাশ ঘটাবে।

স্কুল শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের ব্যাপারে মন্ত্রী বলেন, সামগ্রিকভাবে এটা বন্ধ করা সম্ভব না হলেও পেশার প্রতি সততা এবং ক্লাসে ভাল করে পড়ানোর মাধ্যমে এটা বন্ধ করা সম্ভব।