২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে স্মরণকালের মধ্যে ভাল ফলাফল

এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ফলাফল  স্মরণকালের মধ্যে সবচেয়ে ভালো। পাসের হার ৬০ দশমিক ৯২। সর্বমোট দু হাজার ২৬৫ জন জিপিএ-৫ পেয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 06:02 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বোর্ড সুত্র জানিয়েছে, এছাড়া গ্রামাঞ্চলের স্কুলগুলোর ফলাফলও এবার আশাব্যাঞ্জক।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনের ৮৪৮টি স্কুলের মধ্যে ১৪ টি স্কুলের একশ ভাগ পরীক্ষার্থী পাস কেেরছ। এর মধ্যে ৫ টি মফস্বল এলাকার। মফস্বল এলাকার সাফল্য চট্টগ্রামে এই প্রথম।

ফলাফলের সাফল্যে চট্টগ্রামের অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীসহ সবার মনে  ডেকেছে আনন্দের বন্যা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এওয়াইএম ওবায়দুল আকবর বিডিনিউজকে জানান, নকল প্রবনতা কমে যাওয়াতে পরীক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগি হয়েছে। ফলে গ্রাম ও শহরের স্কুলগুলোর ব্যবধান এসেছে কমে।

তিনি বলেন, এছাড়া চট্টগ্রামের শিক্ষার্থী এবং শিক্ষক অভিভাবকসহ সবাই সচেতন হওয়ায় এবারে ফলাফল হয়েছে ভালো।

চট্টগ্রাম বোর্ডে মোট ৫৮হাজার ৩১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ৩৫ হাজার ৫৩০ জন পাস করেছে। সারাদেশে গড় পাসের হার যেখানে ৫৪ দশমিক ১০, সেখানে চট্টগ্রামে পাসের হার ৬০ দশমিক ৯২। বোর্ডে মোট ২২৬৫ জন জিপিএ--৫ পেয়েছে। এর মধ্যে ছেলে এক হাজার ২২০ জন এবং মেয়ে এক হাজার ০৪৫ জন। ২০০৪ সালে চট্টগ্রামে পাসের হার ছিলো ৪৬ দশমিক ৫৫ ভাগ, ২০০৩ সালে ৩৫ দশমিক ১২ ভাগ এবং ২০০২ সালে ৩৭ দশমিক ৮০ ভাগ।

২০০২ সালে গ্রেড সিস্টেম চালু হওয়ার পর প্রথম বছরে চট্টগ্রাম বোর্ডে কেউ জিপিএ--৫ পায়নি। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।  

চট্টগ্রামের শহরের স্কুলগুলোর পাশাপাশি এবার গ্রামের স্কুলগুলোর ফলও তুলানমুলক ভালো। শহরের কলেজিয়েট, সরকারি বয়েজ হাইস্কুল, খাস্তগীর গার্লস হাইস্কুল, ইস্পাহানী স্কুলের পাশাপাশি গ্রাম এবং মফস্বলের অনেক স্কুলের ফল ভালো। 

চট্টগ্রামে পাশের শতকরা হারেও গ্রামের স্কুলগুলোর অন্যান্যবারের তুলনায় এবার ভালো। গ্রামের স্কুলগুলোর পাশের হার ৫৪ দশমিক ৬৮ ভাগ। অন্যদিকে শহরের স্কুলগুলোর পাশের হার ৭৫ দশমিক ১২ শতাংশ।