এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৪ দশমিক ১০
দেশে শনিবার বিকালে এসএসসি, কারিগারি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ বছর সারাদেশে সার্বিকভাবে শিক্ষার্থীদের পাসের হার প্রায় ৫৪ দশমিক ১০ শতাংশ।
গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে প্রায় তিন দশমিক ৮৩ শতাংশ। ২০০৪ সালে এই হার ছিলো ৫০ দশমিক ২৭ শতাংশ এবং ২০০৩ সালে ছিলো ৩৬ দশমিক ৮১ শতাংশ।
এরমধ্যে সাতটি শিক্ষা বোর্ডের এসএসসি পাসের গড় শতকরা হার ৫২ দশমিক ৫৭, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৬০ দশমিক ০৫ এবং কারিগরি বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় ৫১ দশমিক ৪৪।
এ বছরের পরীক্ষায় রেকর্ড সংখ্যক ১৭ হাজার ২৭৬ জন পরীক্ষার্থী জিপিএ গ্রেড--৫ লাভ করেছে। ২০০৪ সালে এই হার ছিলো ৯ হাজার ৮৮৬, ২০০৩ সালে ছিলো এক হাজার ৩৯২ এবং ২০০২ সালে ছিলো ৩৩০।
২০০২ সালে দেশে প্রথমবারের মতো গ্রেডিং পদ্ধতি চালু করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর সবচেয়ে বেশি পাসের হার হচ্ছে যশোর শিক্ষা বোর্ডে, ৬৯ দশমিক ১৯ শতাংশ এবং সবচেয়ে কম পাস করেছে রাজশাহী শিক্ষা বোর্ডে ৪৩ দশমিক ১৩ শতাংশ।
এ বছর ঢাকা শিক্ষা বোর্ডের সর্বাধিক দুই লাখ ১৮ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ১৫ হাজার ৫৬৩ জন। পাসের হার ৫২ দশমিক ৮৫ শতাংশ। সর্বোচ্চ ছয় হাজার ১৭৪ জন শিক্ষার্থী জিপিএ গ্রেড ৫ লাভ করেছে ওই শিক্ষা বোর্ডে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অধীনে পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো ৫৮ হাজার ৩১৯ জন। এরমধ্যে পাস করেছে ৩৫ হাজার ৫৩০ জন। পাসের হার ৬০ দশমিক ৯২ শতাংশ। দুই হাজার ২৬৫ জন জিপিএ গ্রেড--৫ লাভ করেছে।
রাজশাহী বোর্ডের পরীক্ষায় অংশ নেয় দুই লাখ চার হাজার ১৩৭ জন। পাস করেছে ৮৮ হাজার ৪১ জন। শতকরা পাসের হার ৪৩ দশমিক ১৩। তিন হাজার ২৭৬ জন জিপিএ গ্রেড-৫ লাভ করেছে।
কুমিল্লা বোর্ডে ৮৬ হাজার ৯৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৮ হাজার ৫৯৩ জন পাস করেছে। পাসের শতকরা হার হচ্ছে ৫৫ দশমিক ৮৯। এক হাজার ৪০৭ জন শিক্ষার্থী জিপিএ গ্রেড-৫ অর্জন করেছে।
যশোর বোর্ডে এক লাখ এক হাজার ৫৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭০ হাজার ২৭৮ জন। পাসের হার ৬৯ দশমিক ১৯ শতাংশ। জিপিএ গ্রেড--৫ পেয়েছে এক হাজার ৬৫৪ জন শিক্ষার্থী।
বরিশাল বোর্ডে ৫২ হাজার ৩১৬ জনের মধ্যে পাস করেছে ২২ হাজার ৭০৮ জন। এখানে পাসের হার ৪৩ দশমিক ৪১ শতাংশ। জিপিএ গ্রেড--৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩৮২ জন।
সিলেট বোর্ডের ২৯ হাজার ৪৫৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ২৮০ জন। পাসের হার হচ্ছে ৪৮ দশমিক ৪৭ শতাংশ। ৪৭৩ জন শিক্ষার্থী জিপিএ গ্রেড--৫ পেয়েছে।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে এক লাখ ৫৬ হাজার ৮১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৭ হাজার ৩০৬ জন। পাসের হার ৬২ দশমিক ০৫। এক হাজার ৬৪১ জন শিক্ষার্থী জিপিএ গ্রেড--৫ লাভ করেছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনার পরীক্ষায় অংশ নেয় ৩৫ হাজার ৭৭৯ জন। পাস করেছে ১৮ হাজার ৪০৩ জন। পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। মাত্র ৭ জন শিক্ষার্থী জিপিএ গ্রেড--৫ পেয়েছে।
