ইটিভি’র পুনরায় চালু হওয়া অনিশ্চিত
একুশে টেলিভিশন (ইটিভি) তিন বছর ধরে বন্ধ থাকার পর আবার লাইসেন্স পেয়েছে। কিন্তু আনুষ্ঠানিকতার কারণে তারা সম্প্রচারে যেতে পারছে না।
ইটিভি কর্তৃপক্ষ প্রায় তিনমাস আগে টেলিভিশনের সব ধরণের অনুষ্ঠান সম্প্রচার করার লাইসেন্স পেয়েছে। অনুষ্ঠান পুনরায় সম্প্রচার করতে ইটিভি কর্তৃপক্ষ আবেদন করার পর বিটিআরসি এ অনুমোদন প্রদান করে। কিন্তু বিটিআরসি গত তিন মাস ধরে ইটিভি কর্তৃপক্ষের আবেদনের কোন নিষ্পত্তি করতে ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিহিংসাপরায়নতার শিকার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ইটিভি’র ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
ইটিভির চেয়ারম্যান আবদুস সালাম বিডিনিউজকে জানান, আদালতে লড়াই করে আমরা গত এপ্রিলে লাইসেন্স পেয়েছি। প্রায় তিনমাস আগে ফ্রিকোয়েন্সির জন্যে আবেদন করেছিলাম। কিন্তু এখনও এ ব্যাপারে কোন উত্তর আসেনি।
ইটিভির কর্মকর্তারা জানিয়েছেন, যে কোন সময় সম্প্রচার আবার শুরু করতে তারা প্রস্তুতি নিচ্ছে। বিটিআরসির কাছ থেকে ফ্রিকোয়েন্সির অনুমোদন পাওয়ার পর তারা তারিখ চূড়ান্ত করবে।
সূত্রসমূহ জানায়, ইটিভির কাছ থেকে পুনরায় সম্প্রচারের আবেদন পাওয়ার পর বিটিআরসি স্যাটেলাইট না টেরেসট্রিয়াল চ্যানেলের অনুমতি দেওয়া হবে এ বিষয়টি তথ্য মন্ত্রনালয়ের কাছে জানতে চায়।
তথ্য মন্ত্রণালয় ১১ এপ্রিল ইটিভিকে লাইসেন্স দিয়েছিল। কিন্তু ইটিভির মর্যাদা স্যাটেলাইট না টেরেসট্রিয়াল হবে এ নিয়ে তথ্য মন্ত্রণালয় কোন মতামত না দিয়ে এ বিষয়ে মতামত প্রদানের জন্যে আইন মন্ত্রনালয়ে ফাইল পাঠায়। আইন মন্ত্রণালয়ে বিষয়টি দুই মাসের বেশি সময় ধরে ফাইল চাপা অবস্থায় আছে বলে সংশ্লিষ্ট সূত্রসমূহ জানিয়েছে।
সংশ্লিষ্টরা আরও জানান, কর্তৃপক্ষ লাইসেন্স প্রদান করেছে ঠিকই, কিন্তু স্যাটেলাইট না টেরেস্ট্রিয়াল চ্যানেলের জন্য লাইসেন্স দিয়েছে সেই বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেনি। এই অস্পষ্টতা বর্তমানে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ইটিভি কর্তৃপক্ষ তাদের জব্দকৃত এসএনজি এবং সায়েন্টিফিক আটলান্টাসহ সম্প্রচারের যন্ত্রপাতি ফেরত চেয়ে আবেদন করেছে। ২০০২ সালের আগস্টে ইটিভি বন্ধ হওয়ার পর দ্রুত গতিতে সরকার এসব যন্ত্র জব্দ করেছিল। ইটিভির এসব যন্ত্র এখন বিটিভিতে রয়েছে।
