বন্দর নগরীতে বিনামূল্যে চারাগাছ বিতরণের ২৫ বছর পূর্তি পালন করলো বিএটিবি
দেশের অন্যতম বৃহৎ করদাতা প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবি) বনায়ন কর্মসূচীর অংশ হিসেবে বন্দর নগরী চট্টগ্রামে শুক্রবার বিনামূল্যে চারা গাছ বিতরণের ২৫ বছর পূর্তি পালন করছে।
পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের থিয়েটার ইনিস্টিটিউটে অনুষ্ঠিত চারা গাছ বিতরণ কর্মসূচির উদ্বোধণ করেন। অনুষ্ঠানে জানানো হয়, কোম্পাানিটি গত ২৫ বছরে সারা দেশে চার কোটি ষাট লাখেরও ওপর বিনামূল্যে চারাগাছ বিতরণ করেছে।
বিএটিবি ১৯৮০ সালে কুষ্টিয়া থেকে বিনামূল্যে চারাগাছ বিতরণের কর্মসূচি হাতে নেয় এবং পরবর্তীতে দেশের অন্যান্য জেলায় চারাগাছ বিতরণ করে। কর্মসূচিটি দেশের হাজারও কৃষককে অর্থনৈতিকভাবে উপকার করেছে।
বিএটিবি চলতি বছরে সারা দেশে ৪৩ লাখ গাছের চারা বিতরণ করবে বলে কোম্পানি’র উপ ব্যবস্থাপনা পরিচালক গোলাম মাইনউদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা দেন। বিএটিবি’র ক্ষেত্রে সাফল্য ও দায়িত্বশীলতা একই সাথে বিবেচিত হয় বলে তিনি উল্লেখ করেন।
পরিবেশ প্রতিমন্ত্রী তার বক্তব্যে বিএটিবি’র দেশজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের প্রশংসা করেন। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোতালেব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফুল মকবুল, বিএটিবি’র হেড অব লিফ এজাজ আহমেদ চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে তারা সাধারণের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ করেন। বিএটিবি কর্মকর্তারা বিডিনিউজকে জানান, তারা এ বছরে ইতোমধ্যে চট্টগ্রামে ১৭ লাখ চারা গাছ বিতরণ করেছেন।
এজাজ আহমেদ বলেন, বিএটিবি এর বনায়ন কর্মসূচীর অংশ হিসেবে আগামী বছর সারা দেশে ৫০ লাখ চারা গাছ বিতরণ করবে।
বৃক্ষরোপণ কর্মসূচির জন্য বিএটিবি তিনবার প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার লাভ করে। এর মধ্যে ১৯৯৩ সালে তৃতীয় পুরস্কার এবং ১৯৯৯ ও ২০০৩ সালে প্রথম পুরস্কার লাভ করে।
এ বছর বিএটিবি’র বিনামূল্যে বিতরণকৃত চারাগাছের মধ্যে বেশিরভাগই ফলজ ও ওষধি গাছের চারা।
