নেপাল থেকে আসছে এক জোড়া কালোবাঘ
নেপালের সঙ্গে পশু বিনিময় করছে ঢাকা চিড়িয়াখানা। নেপাল থেকে আসছে এক জোড়া ‘কালোবাঘ’ এবং বাংলাদেশ থেকে যাচ্ছে এক জোড়া সিংহ। ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইতোমধ্যে বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে নেপালের আনুষ্ঠানিক অনুমতি এখনও পাওয়া যায়নি।
ঢাকা চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমান বিডিনিউজ’কে জানিয়েছেন, নেপাল তাদের দেশের বনবিভাগ থেকে অনুমতি পেলেই বাংলাদেশ থেকে এক জোড়া সিংহ তাদের দেওয়া যাবে। আর শিগগিরই এ অনুমতি পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছে নেপাল কর্তৃপক্ষ।
ঢাকা চিড়িয়াখানায় বর্তমানে এশিয়ান সিংহ’ প্রজাতির ২২টি সিংহ রয়েছে। আর রয়েল বেঙ্গল টাইগার রয়েছে ১৪টি ।
সূত্র জানিয়েছে, বাংলাদেশের কোনও চিড়িয়াখানায় কালো বাঘ নেই। আর তাই নেপাল থেকে এ প্রজাতির দুটো বাঘ আনার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি নেপাল পাকিস্তানের চিড়িয়াখানায়ও এক জোড়া কালো বাঘ দিয়েছে। সে দেশের পরিবেশের সঙ্গে কালো বাঘ নিজেদের খাপ খাইযে নিয়েছে। এ বিরল প্রজাতির বাঘের জন্য বাংলাদেশ যোগাযোগ করলে নেপাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ কালোবাঘ প্রদানে সম্মত হয়েছে। আর ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইতিমধ্যেই বনবিভাগ থেকে পশু আমদানির অনুমতি নিয়েছে।
কিউরেটর জানিয়েছেন, পশু পরিবহনের সকল খরচই দেবে নেপাল। এ খাতে বাংলাদেশের কোন বাজেট না থাকার বিষয়টি নেপালকে অবহিত করার পর তারা বিমানে বাঘ দুটো বাংলাদেশে পাঠানো আর বাংলাদেশ থেকে সিংহ নিয়ে যাওয়ার খরচ বহন করতে সম্মত হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেছেন, শিগগিরই নেপালের আইনি জটিলতা কাটিয়ে উঠে পশু আনানেয়া করতে পারবে।
