২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বোমা হামলার পর ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষ শুক্রবার রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে বিশেষত কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সকল থানাকে নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 07:09 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

বৃহস্পতিবার লন্ডনে বোমা বিস্ফোরণের পর এ নির্দেশ দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে জানান, নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহকে কেন্দ্র করে যে কোন অপরাধী তৎপরতা কঠোরভাবে দমন করতে ইতিমধ্যেই কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে।

তিনি আরও জানান, লন্ডনে বোমা হামলার পর কূটনৈতিক এলাকা ও জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার স্থানসমূহসহ বিভিন্ন কৌশলগত স্থানসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন সড়কে পুলিশ, র‌্যাব ও আনসারের টহলও বাড়ানো হয়েছে।

সদরঘাট লঞ্চ টার্মিনাল ও নগরীর বাস টার্মিনালেসমূহে সন্ত্রাসী তৎপরতা ব্যর্থ করতে বসানো হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়ার পর ঢাকার ২৮ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ থানার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সন্ত্রাসীর হামলার কোন ইঙ্গিত পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে সভা থেকে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।