বাজার দর অস্থিতিশীল, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে, নিয়ন্ত্রণের উদ্যোগ নেই
রাজধানীর বাজারে ডিম, মাছ, ডাল, পেঁয়াজ, মরিচ ও কাঁচা তরিতরকারিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়েছে। এ সপ্তাহে মুরগীর দাম কমলেও স্থিতিশীল রয়েছে চাল, আলু, তেল, মাংসের দাম।
শুক্রবার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। কেজি প্রতি ২০ টাকা বেড়ে বর্তমানে মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। ডালের দাম প্রতি কেজিতে প্রায় ছয় থেকে আট টাকা বেড়ে এখন ৫২ থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম দুই টাকা বেড়ে ২০ টাকায় উঠেছে।
শুক্রবার সপ্তাহান্তে বাজারে গিয়ে কাঁচা মরিচের দামের ঝাঁঝে ক্রেতাদের নাকাল অবস্থা। নিত্যপ্রয়োজনীয় এসব দ্রব্যের মূল্যবৃদ্ধিতে সপ্তাহের বাজার করতে আসা ক্রেতাদের সংকটে পড়তে হয়েছে। রীতিমতো হিমশিম খেতে হয়েছে বাজার সেরে ঘরে ফিরতে। বাজার স্থিতিশীল রাখতে সরকারের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তার কার্যকর কোনো পদক্ষেপ নেই।
ডিমের দাম ডজন প্রতি বেড়েছে ১২ টাকা। শুক্রবার ক্রেতারা ১৮ টাকা হালিতে ডিম কিনেছেন। তবে কমেছে মুরগীর দাম। সাদা ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৮০ থেকে কমে ৭০ থেকে ৭৫, লাল ব্রয়লার মুরগি ৯০ থেকে কমে ৮৫ ও দেশী মুরগি ২০ টাকা কমে ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে।
বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্বেও দাম বেশ চড়া। ছোট ছোট ইলিশের দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা। বড় ইলিশের দাম ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। বড় বড় ইলিশ একেকটি ৫০ থেকে ৭০০ টাকা দাম হাকছে বিক্রেতারা। যারা ইলিশ সরবরাহ বেশি জেনে কম দামে ইলিশ কেনা যাবে ভেবে বাজারে এসেছেন তারা হতাশ হয়েছেন।
রুই, কাতলা, পাঙ্গাস, কালিবাউস, চিংড়ি ও মাগুরসহ অন্যান্য মাছের দামও চড়া। বাজারে ছোট রুই ১১০ থেকে ১৪০, বড় রুই ২০০ থেকে ২৪০ টাকা, কাতলা ৯০ থেকে ১২০, পাঙ্গাস ১৩০, কালিবাউস ১৪০ থেকে ১৫০, চিংড়ি ১৪০ থেকে ২৫০, গলদা চিংড়ি ৬৫০, শিং ৩০০ থেকে ৪০০, মাগুর ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে ছোট মাছের সংকট চরমে। এখনও বাজারে নতুন মাছ আসতে শুরু করেনি। সংকটের কারণে বিক্রেতারা ছোট মাছ বিক্রিও করছে চড়া দামে। ছোট মাছের কেজি ১২০ থেকে ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
রাজধানীর কয়েকজন চাল বিক্রেতা জানান, পাইকারি বাজারে চালের দাম মণপ্রতি আরও ২০ টাকা বেড়েছে। তবে খুচরা বাজারে এর তেমন প্রভাব পড়েনি। তবে কয়েক জাতের চালের দামে সামান্য হেরফের হয়েছে। এর মধ্যে রয়েছে নাজিরশাল ও মিনিকেট।
বাজারে দুই ধরণের নাজিরশাল চাল বিক্রি হচ্ছে। এর দামেও রয়েছে বড় পার্থক্য। একটি বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকায় আর অপরটি বিক্রি হচ্ছে ২২ থেকে ২৩ টাকায়। মিনিকেট চালের ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে। দু’ধরণের মিনিকেট চাল বিক্রি হচ্ছে যথাক্রমে ২৪ থেকে ২৫ টাকা এবং ২২ টাকায়। পাইজাম চালের দাম ২১ থেকে ২২ টাকায় বিক্রি হচ্ছে।
গরুর মাংসের দাম কেজিপ্রতি ১১০ থেকে ১২০ এবং খাসির মাংস ২০০ থেকে ২২০ টাকা দাঁড়িয়েছে।
কাঁচা তরিতরকারির মধ্যে বেগুন, টমেটো, ঢেঁড়স, পটল, গাঁজর, শসা, ও শাক-সব্জির দাম বেড়েছে। আলু নয় টাকা, গাঁজর, শসা, বেগুন ও ক্ষীরা ২৪, টমেটো ৩০, পটল, ছোট কচু, ঢেঁড়স ও করলা ১৬ এবং উস্তে, সিম, কচুর লতি, ঝিঙা ও চিচিঙ্গা ও বরবটি ১৪ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ১০ টাকায় বিক্রি হচ্ছে।
রসুন ৩০ থেকে ৩২ এবং পুরনো ও শুকনো রসুন ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন বাজারে সয়াবিন তেল ৫৪ টাকা ও চিনি ৩৮ টাকায় বিক্রি হচ্ছে।
