২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ বেড়ে চলেছে

ট্রেড ইউনিয়ন গঠন, ন্যায্য পাওনা, শ্রমিক ছাটাই, বেপজার অকার্যকর ভূমিকা ও শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের কারণে ঢাকা রপ্তানিকরন প্রক্রিয়া অঞ্চলের (ডিইপিজেড) বিভিন্ন উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানে দিন দিন শ্রমিক অসন্তোষ বেড়েই চলেছে।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 09:57 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সূত্র জানায়, ৬ জুলাই রাতে এলায়েন্স স্যুয়েটার ফ্যাক্টরির ২১ জন শ্রমিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হলে ওই রাত থেকেই উৎপাদন বন্ধ রয়েছে। ন্যায্য পাওনা ও ট্রেড ইউনিয়ন গঠনের অনুমতি চেয়ে শ্রমিকরা ওই কারখানার মালিক পক্ষের সাথে বাদানুবাদ করলে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।

এদিকে শ্রমিকরা দাবি করছে বেপজা কর্তৃপক্ষ তাদের কথা না শুনে কারখানা কর্তৃপক্ষকে মিথ্যা মামলা করার জন্য উস্কে দিয়েছে।

অপরদিকে এলায়েন্স স্যুয়েটার ফ্যাক্টরি কর্তৃপক্ষ বলছে, মাত্র ছয় শতাধিক শ্রমিক নিয়ে সাত মাস আগে তাদের কার্যক্রম শুরু হয়। নয় মাস না পার হলে ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন করার বিধান নেই।

এদিকে বেতন ভাতা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য ভাতার দাবিতে তাইওয়ানের বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিংসাইন এবং রেনকোন স্যুয়েটার ফ্যাক্টরিতে বেশ কয়েকদিন ধরে শ্রমিক আন্দোলন চলছে। ইতোমধ্যে বেশ কয়েকজন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। এই সকল প্রতিষ্ঠানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে ডিইপিজেডের প্রচলিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বলে দাবি করেছে। এ বিষয়গুলো বেপজা কর্তৃপক্ষের নিকট জানালেও তারা কোনও কার্যকর ভূমিকা নেয়নি।

জানা যায়, ১০ এপ্রিল একটি ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান দুই মালিকের দ্বন্দ্বের জের ধরে বন্ধ হয়ে গেলে শ্রমিকরা বেপজা অফিসে ছুটে যায়। কিন্তু বেপজা কর্মকর্তারা সাহায্য করার বদলে তাদের ওপর পুলিশ লেলিয়ে দেয়। এ ঘটনায় দুই শতাধিক শ্রমিক আহত হয়। এছাড়া দ্রুত বিচার আইনে ৬১ জন শ্রমিকের বিরুদ্ধে হয়রানিমুলক মিথ্যা মামলা দায়ের করার কারণে তাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।