বিদেশ গিয়ে ফিরে না আসা শিক্ষকদের তালিকা তৈরি করতে সংসদীয় স্থায়ী কমিটির নির্দেশ
উচ্চ শিক্ষার জন্যে বিদেশ গিয়ে ফিরে না আসা শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তালিকা তৈরি করে পরবর্তি বৈঠকে জমা দিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সংসদ ভবনে বৃহস্পতিবার এক বৈঠকে কমিটির সদস্যরা বলেছেন, উচ্চ শিক্ষার জন্যে বিদেশে গিয়ে অনেক শিক্ষক ফিরে না আসায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং একই সংগে সরকারি অর্থের অপচয় হচ্ছে।
সদস্যরা বলেন, এসব শিক্ষকদের স্থানে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলে মেধাবী অনেক শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও স্বাভাবিক হয়ে আসবে।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের আবাসিক সমস্যার সমাধান এবং খাবারের মান উন্নয়নের পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য আওয়ামী লীগের আতিউর রহমান আতিক তিনটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিয্গো তোলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াইশ শিক্ষক এবং প্রায় সাতশ কর্মচারি নিয়োগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আড়াইশ শিক্ষক ও ৫৫৪ জন কর্মচারি নিয়োগ এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র চারটি গাড়ি ব্যবহার ও নিয়োগে অনিয়ম তদন্তে সংসদীয় উপকমিটি গঠনের দাবি জানান।
তিনি সরকার ও প্রশাসনের মদদে চেকপোস্ট বসিয়ে ছাত্রলীগসহ প্রগতিশীল ছাত্র জোটকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না দেওয়ায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন। এছাড়া শামসুন্নাহার হলে পুলিশি হামলা, অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যার জন্যে হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনুস হত্যাকা-ের তদন্তে অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
আওয়ামী লীগের সদস্য আতিউর রহমান আতিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে বলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের পর সরকারিভাবে একটি গাড়ি বরাদ্দ পান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের টাকায় আরও তিনটি গাড়ি কিনে পারিবারিকভাবে ব্যবহার করছেন। এর জ্বালানি খরচও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করছে।
বৈঠকে কমিটির সদস্য একেএম সেলিম রেজা হাবিব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ আনসারুজ্জামানের দুর্ব্যবহার নিয়ে তুমুল হৈচৈ করেন। তিনি কমিটিতে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তিনি বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি তথ্যের জন্যে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে ফোন করলে তার ব্যক্তিগত কর্মকর্তা চরম দুর্ব্যবহার করেন। অনুরোধের প্রেক্ষিতে ওই পরীক্ষা নিয়ন্ত্রক ফোন তুললেও বলেন, আমি এমপিদের ফোন ধরতে বাধ্য নই।
বৈঠকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন। এ ঘটনার জন্যে শিক্ষা মন্ত্রী এবং উপ-উপাচার্য ক্ষমা প্রার্থনা করলেও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক দুঃখ প্রকাশ করেননি।
পরে শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আলোচনা করে বিষয়টি দেখবেন বলে জানান।
কমিটির সভাপতি সামসুল আলম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, কমিটির সদস্য আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ আতিউর রহমান আতিক, একেএম সেলিম রেজা হাবিব, শহিদউদ্দীন চৌধুরী এ্যানি, আবদুল মোমিন তালুকদার এবং আবদুল গফুর ভুঁইয়া।
বৈঠকে শেষে কমিটির সভাপতি সামসুল আলম প্রামাণিক বলেন, বিদেশ গিয়ে ফেরত না আসা শিক্ষকদের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনা বিঘিœত হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে সংশ্লিষ্টদের তালিকা প্রণয়ন করতে বলেছি।
