সেনা অভিযানে বান্দরবানে অস্ত্রসহ ৩ অস্ত্র ব্যবসায়ী আটক
নিরাপত্তাবাহিনী বৃহস্পতিবার অভিযান চালিয়ে বান্দরবান শহরের একটি আবাসিক হোটেল থেকে একটি অস্ত্র ও মোটর সাইকেলসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, আটককৃত রুনু চাকমা (২৬), বাবু চাকমা (২৮) এবং রাজেশ চাকমার (২৮) বিরুদ্ধে বান্দরবান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
সরকারি সূত্রে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সেনাবাহিনীর সদস্যরা আরও অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে গ্রেফতারকৃতদের নিয়ে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত তিন দিন ওৎ পেতে থাকার পর সকালে তাদের আটক করা হয়। এ অভিযানে গোয়েন্দা সংস্থার পাশাপাশি বান্দরবান সদর জোনের বিপুল সংখ্যক সেনাসদস্য অংশ নেয়।
