শুক্রবার রথযাত্রা শুরু
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুক্রবার শুরু হচ্ছে।
বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা এ উৎসব দীর্ঘকাল থেকে সাড়ম্বরে উদযাপন করে আসছেন। রাজধানী ঢাকার স্বামীবাগে ইসকন মন্দিরে রথের প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকালে পূজা অর্চনা ও বিকেলে ধর্মীয় আলোচনার পর শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার শুভ উদ্বোধন করবেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এমপি।
রথ নিয়ে শোভাযাত্রা ইসকন মন্দির থেকে শুরু হয়ে লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। রথের মধ্যে শোভা পাবে জগন্নাথ, বলরাম এবং বোন সুভদ্রার মূর্তি। প্রচুর সংখ্যক নরনারী ও ভক্তবৃন্দ রথটানার এ উৎসবে প্রতি বছর অংশগ্রহণ করে থাকেন।
রাজধানীর তাঁতী বাজার মন্দির, ধামরাই, যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়াসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার শুরু হওয়া রথোৎসবের সমাপ্তি ঘটবে ১৬ জুলাই। পৌরাণিক কাহিনী অনুযায়ী নয় দিন পর উল্টোরথে মাসীর বাড়ি থেকে নিজ গৃহে ফিরে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
রথযাত্রা উপলক্ষ্যে বসে কুটির শিল্প মেলা, নাগরদোলা ও পালা গানের আসর। বিভিন্ন প্রজাতির পাখিও এ মেলায় বিক্রি হতে দেখা যায়।
